ই–বর্জ্য: ডিজিটাল দূষণ, যথাযথ ব্যবস্থাপনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির উৎকর্ষের এই যুগে আমরা বাস করছি। গত এক দশকে দেশের সরকারি ও বেসরকারি—উভয় খাত ডিজিটালাইজেশনে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। বলা যায়, একবিংশ শতাব্দীতে প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত নয়, এমন মানুষ পাওয়া দুষ্কর। বিনোদন, পড়াশোনা কিংবা ব্যবসার কাজ, যা–ই হোক—আমাদের প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন পড়ছে। মোটকথা, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই প্রযুক্তির ওপর নির্ভরশীল। প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজন ইলেকট্রনিক ডিভাইসের। তাই বর্তমানে দেশে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার ও চাহিদা উল্লেখ্যযোগ্য হারে বাড়ছে। এককথায় ইলেকট্রনিক ডিভাইস আমাদের আধুনিক জীবনের অংশ হয়ে গেছে। ই-কমার্স, ই-লার্নিং, ই-বুক—ইত্যাদির সঙ্গে আমরা সবাই পরিচিত। নিজেদের প্রয়োজনে প্রতিনিয়ত এগুলোর ব্যবহার করছি। তাই ডিজিটালাইজেশনের এই যুগে বহুল আলোচিত বিষয় হচ্ছে ই-বর্জ্য। কিন্তু আমরা অনেকেই এখনো ই-বর্জ্যের সঙ্গে পরিচিত নয়।

ইলেকট্রনিক বর্জ্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-বর্জ্য। আজকাল মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, নোটবুক, ট্যাব, ফ্রিজ, টেলিভিশনসহ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বেড়েই চলছে। বাজারে এসব ডিভাইসের চাহিদাও ব্যাপক। গ্রাহকের ক্রয়ক্ষমতা ও চাহিদা মেটাতে বাজারে আসছে নানা বেনামি কোম্পানি। তারা বাজারে কমদামে নিম্নমানের ডিভাইস সরবরাহ করছে। সচেতনতার অভাবে আমরা প্রতিনিয়ত এসব ইলেকট্রনিক ডিভাইস ক্রয় করছি। গ্রাহকের চাহিদা দেখে দিন দিন এসব কোম্পানির সংখ্যা বেড়েই চলছে। এর ফলে কিছুদিন ব্যবহার করার পরই এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দুঃখজনক হলেও সত্য, ব্যবহারের অনুপযোগী এসব ইলেকট্রনিক ডিভাইস রূপান্তরিত হচ্ছে ই-বর্জ্যে, যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

গত ৫ জুন ২০২৩, দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশে বছরে ৩০ লাখ মেট্রিক টন ই-বর্জ্য সৃষ্টি হচ্ছে, যার মধ্যে শুধু স্মার্ট ডিভাইসেই সৃষ্টি হচ্ছে সাড়ে ১০ লাখ টন ই-বর্জ্য। শঙ্কার বিষয় হচ্ছে, মাত্র ৩ শতাংশ পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়। এবার ‘ই-বর্জ্যের কার্বন–ঝুঁকিতে বাংলাদেশ: কারণ ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ২০২৫ সাল নাগাদ কোটি টনের ই-বর্জ্যের ভাগাড়ে পরিণত হবে বাংলাদেশ। ২০৩০ সাল নাগাদ বছরে বিলিয়ন ইউনিট স্মার্ট পণ্য উৎপাদিত হবে। কারণ, প্রতিবছর ৩০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। তাই ই-বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এর প্রভাবে মানুষের শরীরে নানা জটিল প্রাণঘাতী রোগের দেখা মিলছে। বিশেষ করে এর প্রভাবে প্রতিবন্ধী শিশু জন্মের হার বেড়েই চলেছে। তাই ই-বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এখনই জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।

ই-বর্জ্য দূষণ থেকে পরিবেশ এবং মানবজাতিকে নিরাপদ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস মেয়াদ শেষ হলে যত্রতত্র ফেলে দেওয়া হয়। ব্যবহারের অনুপযোগী এসব ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকে পারদ, সিসা, দস্তা, আর্সেনিক, নাইট্রাস, অক্সাইডসহ বিভিন্ন ধাতব ও রাসায়নিক ক্ষতিকর বিষাক্ত উপাদান, যা পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে। এসব বিষাক্ত, ক্ষতিকর উপাদানের প্রভাবে সরাসরি দূষণের সম্মুখীন হচ্ছে আমাদের অতিপ্রয়োজনীয় মাটি, বায়ু ও পানি। তাই আমাদের ব্যবহৃত কোনো ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হলে যত্রতত্র না রেখে নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থা করতে হবে। যথাসম্ভব পুনরায় ব্যবহারের উপযোগী করার পন্থা অবলম্বন করতে হবে। প্রয়োজনে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত অংশীদারত্বের ভিত্তিতে ই-বর্জ্য নিষ্কাশনব্যবস্থা চালু করতে হবে।

প্রতিবছর উন্নত দেশগুলো থেকে অবৈধ উপায়ে পুরোনো ইলেকট্রিক ডিভাইস দেশে আসছে। অধিকাংশ ডিভাইস ব্যবসার উদ্দেশ্যে আমদানি করা হয়। এসব মুনাফালোভী ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। সর্বোপরি ই-বর্জ্য দূষণ থেকে পরিবেশকে নিরাপদ করতে এর ক্ষতিকর দিক তুলে ধরে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে কাজ করতে হবে, তা না হলে অদূর ভবিষ্যতে অকল্পনীয় ক্ষতির মুখোমুখি হতে হবে।

মো. সাইফুল মিয়া
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ই–মেইল: [email protected]