বিআরটিএ নির্ধারিত ভাড়া বাঁশখালী সড়কে কেন কার্যকর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার বৃহত্তর একটি জনপদ বাঁশখালী উপজেলা। চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী উপজেলা (৪৪ কিমি) ও চট্টগ্রাম শহর থেকে শেষ সীমান্ত বাঁশখালীর টইটং (৫৮ কিমি)। চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীর একেবারে শেষ সীমানা টইটং পর্যন্ত যেতে বাসভাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক নির্ধারিত। কিন্তু তা কাগজে–কলমে, বাস্তবে নেই।

বিআরটিএ কর্তৃক চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা, আন্তজেলা ও দূরপাল্লা রুটের বাস বা মিনিবাসের (ডিজেলচালিত) ভাড়ার তালিকায় নির্ধারিত ভাড়া উল্লেখ আছে প্রতি কিমি (২.১৫ টাকা)। এ ছাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারে চট্টগ্রাম শহর–বাঁশখালী উপজেলার নির্ধারিত ভাড়া ৯৫ টাকা এবং চট্টগ্রাম শহর–বাঁশখালীর টইটংয়ের নির্ধারিত ভাড়া ১২৫ টাকা। চট্টগ্রাম–বাঁশখালী সড়ক বিআরটিএ নির্ধারিত বাসভাড়া তালিকাভুক্ত হলেও এ ভাড়া চট্টগ্রাম–বাঁশখালী সড়কে কেন কার্যকর নয়? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন চট্টগ্রাম–বাঁশখালী সড়কের যাত্রীরা।

বছরের পর বছর ধরে উপেক্ষিত হচ্ছে বিআরটিএ নির্ধারিত ভাড়া। সেই ভাড়ার তালিকা উপেক্ষা করেই চলেছে চট্টগ্রাম–বাঁশখালী সড়কে বাড়তি ভাড়া আদায়। সেই বাড়তি আদায় করে একটি সিন্ডিকেট এখন রমরমা অবস্থায়।

চট্টগ্রাম–বাঁশখালী সড়কে মূলত দুই ধরনের বেসরকারি বাস পরিবহন সেবা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে একটি বেসরকারি কোম্পানির পরিবহন–সেবা। যারা বিআরটিএ নির্ধারিত যথাক্রমে ৯৫ টাকা ও ১২৫ টাকার ভাড়া উপেক্ষা করে ১৪০ টাকা ও ১৮০ টাকা করেই আদায় করে আসছে। অন্যদিকে আনোয়ারা-বাঁশখালী বাস পরিবহন সমিতি নিয়ন্ত্রিত বাঁশখালী স্পেশাল সার্ভিস ও বাঁশখালী সুপার সার্ভিস নামেও একধরনের পরিবহন–সেবা চালু আছে। তারাও অনিয়ন্ত্রিতভাবে বিআরটিএ নির্ধারিত যথাক্রমে ৯৫ টাকা ও ১২৫ টাকার ভাড়া উপেক্ষা করে ১২০ টাকা ও ১৬০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে।

এ ছাড়া উল্লিখিত বাস পরিবহন–সেবাগুলো বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের সিন্ডিকেটকে রমরমায় পরিণত করতে যাত্রীদের পুঁজি করে চলেছে। যেমন ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো উৎসবেও তারা বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা উপেক্ষা করে বাড়তি ভাড়া আদায় করে, যা স্বাভাবিক ভাড়ার চেয়ে পাঁচ–ছয় গুণ বেশি। এ অবস্থায় চট্টগ্রাম–বাঁশখালী সড়কের যাত্রীরা চরম ভোগান্তির কবলে পড়েন।

এমতাবস্থায় অনিয়ন্ত্রিত ভাড়া আদায়ে চট্টগ্রাম–বাঁশখালী সড়কপথে যাত্রী সাধারণের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ অনিয়ন্ত্রিত বাড়তি ভাড়া আদায়ের সিন্ডিকেট ভেঙে দিতে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি নিশ্চিত করতে হবে।

প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায়ের সিন্ডিকেট সড়কে তৎপর। এই বাড়তি ভাড়া আদায়ের সিন্ডিকেট ভেঙে দিয়ে যাত্রী সাধারণের প্রফুল্ল মনে বাড়ি ফেরা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সর্বোপরি বিআরটিএ কর্তৃপক্ষ ও বাঁশখালী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি বিবেচিত হলেই কেবল চট্টগ্রাম–বাঁশখালী সড়কপথের এই চরম অনিয়মের নিরসন ঘটবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছি।

এস এম রাহমান জিকু
শিক্ষার্থী
চট্টগ্রাম কলেজ