ভাসানী বিশ্ববিদ্যালয়ে গ্যাস সংযোগ নিয়ে কেন টালবাহানা ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ তিন বছর মেসে থাকার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শেখ রাসেল হলে উঠলাম। এত কারুকার্যময় টাইলস করা হলে ওঠার ইচ্ছা কার না হয়। অতঃপর অঞ্জন দত্তের ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ’ অভিব্যক্তির মতোই কাঙ্ক্ষিত সিটটি পেলাম। সিট পেয়ে আনন্দ আত্মহারা হয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের জানালাম।

জানুয়ারির প্রথম দিকে হলে উঠলাম। হলের সবকিছু জাঁকজমকপূর্ণ কিন্তু গ্যাসের সংযোগ নেই। খাবারের ব্যবস্থা নেই, না থাকারই কথা। কারণ লাকড়ি দিয়ে এত শিক্ষার্থীর জন্য রান্না করা সহজ কথা না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাও আবার লাকড়ি মানে অতিরিক্ত খরচ।

আবার এই একটি হলের শিক্ষার্থীদের চাপ গিয়ে পড়ে পাশের জননেতা আব্দুল মান্নান হল ও বঙ্গবন্ধু হলে। ওই দুই হল কর্তৃপক্ষ তাদের হলে অবস্থানরত শিক্ষার্থীদের খাবারের জোগান দিতে যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে অতিরিক্ত একটি হলের  সম্পূর্ণ শিক্ষার্থীদের খাবারের বন্দোবস্ত করা যুক্তিসংগত নয়।

আবার একজন শিক্ষার্থী বাইরের হোটেলে এত টাকা খরচ করে যে খাবার খাবে, সেটিও সম্ভব হয় না অনেকের পক্ষে। শিক্ষার্থী বলুন বা হল কর্তৃপক্ষ বলুন, তাদের মতোই আবার নিরুপায় অবস্থানে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ গ্যাসের সংযোগ তো আর তাদের হাতে নেই। গ্যাসের  সংযোগের সকল কর্তৃত্ব সংশ্লিষ্ট সরকারি দপ্তরের হাতে।

এই সামগ্রিক সংকটে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা, যথেষ্ট ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সবকিছুর সমাধানের একমাত্র পথ হচ্ছে হলে গ্যাসের সংযোগ দেওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এত তদবির করার ফলেও কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সংযোগে টালবাহানা করছে? যেখানে আমাদের মতো নতুন প্রজন্মের অগ্রগতিতে নির্ভর করছে সমগ্র জাতির ভবিষ্যৎ, যেখানে এমন টালবাহানা সাংঘর্ষিক।

  • শেখ সায়মন পারভেজ
    শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ
    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়