যশোর মডেল টাউন নামকরণ অনেক আগেই হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বস্তিদায়কভাবে চলাচলের জন্য শহর হয়ে উঠতে পারেনি যশোর। গত চেয়ারম্যানের আমলে শহরের আশপাশের কিছু সড়ক ওয়াকওয়েসহ পাকা ড্রেন, রাস্তার মাঝখানে বৃক্ষশোভিত আইল্যান্ড হয়েছে। কিন্তু দুঃখের বিষয় শহরের প্রাণকেন্দ্র বড়বাজারের কোনো উন্নতি হয়নি।
রাস্তাগুলো সেই পাকিস্তান আমলে করা হয়েছিল। বর্তমানে তা ভাঙাচোরা, বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে থাকে। বিশেষ করে এইচ এম রোড, কাপুড়িয়াপট্টি রোড, হাটখোলা রোড এতে জনগণের চলাচলের দুর্গতির শেষ থাকে না। বড়বাজারে ব্যবসায়ীর সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। বড় বড় ভবন হয়েছে। আর এসব ব্যবসায়ীরা রাস্তায় ফুটপাত বলতে কিছু রাখেননি। সার্বিকভাবে ফুটপাতের অবস্থা অতি করুণ।
দড়াটানা থেকে কাঠেরপুল পর্যন্ত দোকানের সামনে খাট, টেবিল পেতে রাখা হয়। এতে করে জনগণের নিরাপদ ও স্বচ্ছন্দে যাতায়াতের কোনো অবস্থা নেই। কাপুড়িয়াপট্টি, হাটখোলা রোড, ঝালায়পট্টি রোড ও মাছ বাজারের সব রাস্তার ওপর মালামাল রেখে বিক্রি করা হচ্ছে। একটি রিকশা গেলে পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। অনেক সময় রিকশা ও গাড়ির সঙ্গে লোকজনের ধাক্কা লাগে। এই নিয়ে ঝগড়াঝাঁটি ও মারামারি পর্যন্ত হয়।
আর কাঠের ব্রিজ নির্মাণ হওয়া পর্যন্ত এই দীর্ঘ সময় আজ পর্যন্ত পরিষ্কার–পরিচ্ছন্ন হয়নি। দুই পাশের পানি বের হওয়ার ছিদ্র পর্যন্ত ময়লা-আবর্জনায় ভর্তি। বৃষ্টি হলে হাঁটু পানি জমে যায়। এতে জনসাধারণের যাতায়াতে নিদারুণ ভোগান্তিতে পড়তে হয়।
এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ, শহরবাসী যাতে রাস্তায় স্বস্তিদায়কভাবে হাঁটতে–চলতে পারে, সে ব্যাপারে মনোযোগ দিন।
ইদ্রিস আলী
মডেল টাউন, যশোর