সর্বজনীন পেনশন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো রাষ্ট্র যখন কোনো বিশেষ স্কিম  নিয়ে আসে তখন তিন প্রকার উদ্দেশ্য থাকে? ১. সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, ২. আর্থিক ঘাটতি পূরণ ৩. রাজনৈতিক হিসেব নিকেশ।  আবার কিছু কিছু ক্ষেত্রে উল্লেখিত তিন উদ্দেশ্যের সংমিশ্রণও থাকে। এর কোনোটাই দোষের কিছু নয়। মানুষের সামাজিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে রাষ্ট্রের জন্য দীর্ঘ মেয়াদে অর্থ জোগানের চিন্তা সুচিন্তাই বটে। এমন সুচিন্তার মাধ্যমে যদি ভোটের মাঠে ভোটার বেড়ে যায় তাহলে তা উত্তম কৌশলই। আবার আর্থিক চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে এমন স্কিম চালু করলে বিরোধীদের মনে সন্দেহ জাগবে এটাই স্বাভাবিক। রাজনীতির মাঠে পক্ষ বিপক্ষের এমন যুক্তিতর্কও একটা সৌন্দর্য। আমার আলোচনা সে বিষয়ে নয়। আমার আলোচনা দুটি বিষয়ে—১. সরকারি সেবার মান, ২. সর্বজনীন পেনশনের সুবিধাদি।  

এ দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যে সেবা আমাদের দেয় আমি তা নিয়ে ভীত। এমন ভীতিকর অবস্থায় আস্থা নিয়ে রাষ্ট্রীয় সর্বজনীন পেনশনে অংশগ্রহণের আগে আমাদের বহুবার ভাবতে হবে।  নিজের টাকা সরকারের কাছে গচ্ছিত রেখে সে টাকার জন্য এতিমের মতো সরকারি প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ঘুরব আর মহামান্য পিয়নদের স্যার বলতে বলতে গলার শক্তি ক্ষয় করব কিনা সে চিন্তাও আমাকে করতে হচ্ছে। তাছাড়া ৬০ বছর পরে যদি বেঁচে থাকি, গলায় অত শক্তিও থাকবে না। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে থাকবে হয়তো সাইবার নিরাপত্তা আইন। এখনতো কোনো প্রতিষ্ঠানে গেলে মানুষ কাজে লাগুক আর না লাগুক লাইভ ভিডিও করে হয়রানি প্রকাশের চেষ্টা করে।  কিন্তু এ স্কিমতো সরাসরি সরকারের।  সুতরাং এখানকার হয়রানি নিয়ে কথা বললে আইন নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবে না।  

সুবিধার যেসব হিসেব দেখানো হয়েছে তা কোথাও কোথাও জনগণকে বঞ্চিত করবে। কোথাও সরকারের উপর প্রচণ্ড আর্থিক চাপ তৈরি করবে। উদাহরণস্বরূপ বলা যায়, ৫০০০ টাকার ২০ বছর মেয়াদি পেনশন স্কিমে মাস শেষে পাওয়া যাবে ২৪,৬৩৪ টাকা। বর্তমান সঞ্চয়পত্রের সুদের হিসেবে হিসাব করলে বিশ বছরে আমার সুদাসল দাঁড়াবে প্রায় ২৫ লাখের মতো। এখন ২৫ লাখ সুদাসলের বিপরীতে স্বাভাবিকভাবেই মাসে ২৫,০০০  টাকা (সামান্য কমবেশি) পাওয়ার কথা। এখন সর্বজনীন পেনশন যদি ওই ২৫,০০০ টাকাই দেয়, তাহলে আমার সুদাসল ২৫ লাখ কোথায়? আবার ৫০০০ টাকা করে ৪২ বছরে সুদাসল আসবে প্রায় ৮৫ লাখ। এই ৮৫ লাখের বিপরীতে মাসিক ১.৭২ লাখ টাকা দিতে গেলে রাষ্ট্রের উপর আর্থিক চাপ যে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।  সুতরাং এখানেও ভাবার মতো কিছু আছে বলে আমার মনে হয়।

সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে ভালো কথা।  কিন্তু এখনই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। প্রতিষ্ঠান নিজে দাঁড়িয়ে গেলে মানুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করবে। জোর জবরদস্তির ফলাফল কখনো ভালো হয় না। তাতে অবিশ্বাসের মাত্রা আরও বাড়ে।

মো. নাছির উদ্দিন
পাঠক