হারিয়ে যাওয়ার পথে ঐতিহাসিক রাজা বিরাটের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজা বিরাটের বিরাট নগরীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন
ছবি: প্রথম আলো

‘গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থ থেকে জানা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বিরাট রাজার গড়। মহাভারতে বর্ণিত মৎস্য দেশের রাজধানী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাটের বিরাট নগরী বর্তমানে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃত।

বিংশ শতাব্দীর শুরুতে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিখে গেছেন। ১৯৭৮ সালে সংস্কৃত অক্ষরে খোদাই করা ‘নম: নম: বিরাট’ লেখা ৯ ইঞ্চি দীর্ঘ মহামূল্যবান একটি শিলালিপি পাওয়া যায়। যা মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বিরাট নগরী হলো হিন্দু পৌরাণিক উপাখ্যান মহাভারতের বর্ণনায় যে রাজা বিরাট, তাঁর নামে। তিনি বিরাট বনে এক উচ্চভূমিতে রাজবাড়ী ও নগর স্থাপন করেন। তখন থেকে এই জায়গার নাম বিরাট নগরী। তিনি তাঁর রাজ্যে হাজার হাজার দিঘি-পুষ্করিণী খনন করে মাছ চাষ করতেন, তাই ‘মৎস্যরাজ বিরাট’ নামে খ্যাত হয়েছিলেন।

প্রতিবছরের মতো এবারও রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাসহ সারা দেশ থেকে বৈশাখ মাসব্যাপী রাজা বিরাটের তীর্থ মেলায় হিন্দুধর্মের হাজার হাজার তীর্থযাত্রী আসেন। এ মেলায় করলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়ার প্রচলন যুগ যুগ ধরে লক্ষ করা যায়। কিন্তু সংরক্ষণের অভাবে একটি অসাধু চক্র রাজা বিরাটের ঐতিহাসিক স্থাবর-অস্থাবর স্থাপনাগুলো দখল করছে প্রতিনিয়ত।

এভাবে চলতে থাকলে ঐতিহাসিক মৎস্য দেশের রাজধানী ও সনাতন ধর্মালম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র ‘রাজা বিরাট’ একসময় শুধু কাগজ-কলমেই থেকে যাওয়ার আশঙ্কা পরিলক্ষিত করা যায়। সংশ্লিষ্ট প্রশাসনের এসব সংরক্ষণে যথাযথ উদ্যোগ গ্রহণ জরুরি।

মানিক চন্দ্র শীল

সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ই–মেইল: [email protected]