আগুনে দগ্ধ হয়ে নিহত ও আহত লোকদের অধিকাংশই খেটে খাওয়া মানুষ। যারা পোড়া শরীর নিয়ে বেঁচে আছে, তাদের শরীরের পাশাপাশি ভবিষ্যৎও পুড়ে গেছে।
আবার দগ্ধদের অনেকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে সংসারের শেষ অবলম্বনটুকুও বিক্রি করে দিয়েছেন। যারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়নি বা চিকিৎসা নিয়ে চলে গেছে, যারা দেশের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছে, তাদেরও আর্থিকভাবে সাহায্য করা উচিত।
এ ক্ষেত্রে মুঠোফোন কোম্পানিগুলো একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে। মুঠোফোনের মাধ্যমে লটারির টিকিট সংগ্রহ করা সম্ভব হলে অগ্নিদগ্ধ ব্যক্তিদের সাহায্যেরও ব্যবস্থা করা সম্ভব।
শুধু অগ্নিদগ্ধ ব্যক্তিদের নয়, অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষকেও পুনর্বাসন করা সম্ভব। সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ দেশের রাজনৈতিক নেতা-কর্মীদের বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করছি।
তাসনুভা তাবাসসুম
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়।