অজ্ঞান পার্টির দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানী ঢাকায় অজ্ঞান পার্টির দৌরাত্ম্য চোখে পড়ার মতো। অজ্ঞান পার্টির সদস্যরা দিন দিন যেন ভয়ংকর হয়ে উঠছে। তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অভিযান চোখে পড়ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে বলে ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে। জানা গেছে, কখনো যাত্রী, কখনো হকার, আবার কখনো সাধারণ ক্রেতা-বিক্রেতার বেশে মানুষকে অজ্ঞান করছে। এমনকি চেতনানাশক পাউডারমিশ্রিত রুমাল ঝেড়ে শ্বাস-নিঃশ্বাসের মাধ্যমে এবং চা, কফি, জুস, ঝালমুড়ি, শরবত, ডাবের পানি, বিস্কুট, হালুয়াসহ খাদ্যদ্রব্যে যাত্রীদের চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করছে। তারা রেল ও বাসের পাশাপাশি নৌপথও ভাগাভাগি করে নিয়েছে। তাদের হাতে পড়ে অনেককে মৃত্যুবরণও করতে হয়েছে।
এক মাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে ৩৮৪ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। (তথ্যসূত্র: প্রথম আলো, ৩০ সেপ্টেম্বর, ২০১৪) প্রতিবছর কোরবানির ঈদের সময় রাজধানীর পশুর হাটগুলোতেও অজ্ঞান পার্টির অপতৎপরতা পরিলক্ষিত হয়। অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বন্ধ হওয়া দরকার।
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা।