সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ার খবরে আমরা উদ্বিগ্ন। যাদের সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করতে হয়, তাদের অবস্থা বেহাল। ওয়েটিং চার্জসহ (দুই টাকা মিনিট) ভাড়া বাড়ার কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হবে।
অটোরিকশা ব্যবহারের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ননস্টপ অবস্থায় গন্তব্যে যেতে ৩০ মিনিট লাগলে ওয়েটিং সময় ওঠে হয়তো ১৫-১৮ মিনিট। এটা কীভাবে সম্ভব? জানা যায়, ক্লাচ চাপলেই ওয়েটিং সময় যোগ হতে থাকে। আর বর্তমানে রাস্তায় প্রচণ্ড যানজট। ২০ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। ওয়েটিং সময় আমরা কীভাবে সংজ্ঞায়িত করব?
আবার গন্তব্য যেখানে ছয়-সাত কিলোমিটার, সেখানে অটোরিকশার মিটারে তা আট-নয় কিলোমিটার দেখায়। অর্থাৎ নিশ্চিতভাবে মিটার টেম্পারিং করা হয়। খুব কমসংখ্যক চালকই মিটারে যেতে রাজি হন। ফলে দেখা যাচ্ছে, ২০০ টাকার নিচে এখন অটোরিকশার ভাড়া নেই। আর ট্যাক্সিক্যাবের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তাতে মানুষ ঘোরতর বিপদে না পড়লে ক্যাবে উঠবে না। এই শহরে আমজনতার উপকার হয়, এমন সিদ্ধান্ত সরকার কি কখনো নেবে?
ড. নিয়াজ পাশা, খিলগাঁও, ঢাকা।