অটোরিকশা সমাচার..!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাড়া বাড়ানোর পরও অটোরিকশার চালকেরা মিটারের হিসাবে ভাড়া নিচ্ছেন না, দর–কষাকষি করছেন
ভাড়া বাড়ানোর পরও অটোরিকশার চালকেরা মিটারের হিসাবে ভাড়া নিচ্ছেন না, দর–কষাকষি করছেন

১ নভেম্বর থেকে সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হয়েছে, প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে ৪০ টাকা করা হয়েছে। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা এবং প্রতি মিনিট অপেক্ষার জন্য ১ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা করা হয়েছে। মালিকের জমা ৬০০ থেকে ৯০০ টাকায় উন্নীত করা হয়েছে।
এই পরিমাণ ভাড়া বাড়ানোর পরও ‘চিরাচরিত অরাজক’ পরিস্থিতি থেকে রেহাই পেলাম না। গত ৭ নভেম্বর রাত ৯টা ১০ মিনিট। সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লালকুঠিসংলগ্ন ঘাটে গ্রিনলাইন ওয়াটার ওয়েজের জাহাজে বরিশাল থেকে এসে মগবাজার রেড ক্রিসেন্ট রোডে যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা খুঁজতে লাগলাম।
কিন্তু অন্তত ২০ জন চালককে জিজ্ঞাসা করে আমার গন্তব্যে ও মিটারে যেতে রাজি করাতে পারলাম না। কোনো কোনো চালকের আমার গন্তব্যস্থান পছন্দ নয়, আবার কোনো কোনো চালক মিটারে নয়, চুক্তিতে যেতে চান। এই পরিমাণ ভাড়া বৃদ্ধির পরও মিটারে না যাওয়ার কারণ জানতে চাইলে দুজন চালক বললেন, আগে এখানে ‘পার্কিং’-এ ১০ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ৩০ টাকা।

প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর অধৈর্য হয়ে রাত সাড়ে ১০টায় এক চালককে চুক্তিতে ২৭০ টাকায় যেতে রাজি করালাম। ২২ মিনিটে গন্তব্যে পৌঁছালাম। মিটারে দেখলাম ১৩২ টাকা এসেছে।

কলকাতার অধিবাসী চারজনের এক পরিবারের সদস্যদের দেখলাম একই অবস্থায় পড়ে বিফল হয়ে রিকশা ধরেছেন। আমাদের নগর পরিবহন ব্যবস্থার এই হাল দেখে ভিনদেশি এই পরিবারটির যে তিক্ত অভিজ্ঞতা হলো, তা ভেবে আমার লজ্জাই লাগছিল। কারণ, তাঁদের দেশে তো সংকেত দিলেই ট্যাক্সি আসে এবং চালক দরজা খুলে যাত্রীকে বসতে দেন। 

দেবাশীষ চৌধুরী

মৌলভীবাজার।