অতিবৃষ্টিতে বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় রাজধানীর রাস্তাঘাটের অবস্থা বেহাল। এমনিতেই ঢাকা নগরের গলির রাস্তা ভাঙা, তার ওপর এত বর্ষণের কারণে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এত দিন ঢাকা নগরের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল না, ফলে রাস্তার অবস্থা দেখারও কেউ ছিল না। এখন আমাদের নির্বাচিত প্রতিনিধি আছে। নির্বাচনের আগে তাঁরা অনেক প্রতিশ্রতিও দিয়েছিলেন, কিন্তু সেগুলো বাস্তবায়নের কোনো পদেক্ষপ নেওয়া এখনো শুরু হয়নি। এ অবস্থায় সাধারণ মানুষের চলাচল করাই দায় হয়ে উঠেছে। তার ওপর আবার ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে সরকার অভিযান শুরু করায় রাস্তায় গণপরিবহন পাওয়া কঠিন হয়ে পড়েছে। এসব কারণে মানুষের যাতায়াত খরচও বেড়ে গেছে, কিন্তু বেশি টাকা দিয়েও স্বস্তি পাওয়ার উপায় নেই। এতে যেমন ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে, তেমনি আমাদের নানা রকম শারীরিক সমস্যাও সৃষ্টি হচ্ছে।
একটা শহর এভাবে চলতে পারে না। শুধু ঢাকা নয়, বৃষ্টির কারণে সব শহরের সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাম ও উপজেলার অবস্থাও তথৈবচ। মহাসড়কগুলোও বেহাল। আমাদের মেয়রদ্বয় টিভিতে কম এসে সমস্যা সমাধানে সচেষ্ট হোন। আর যোগাযোগমন্ত্রী রাস্তাঘাটে না ঘুরে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণে মনোযোগ দেবেন। নইলে বেহাল সড়কব্যবস্থা সরকারের জন্য কাল হয়ে উঠতে পারে।
সেলিম রেজা, ঢাকা।