অতিরিক্ত পানির বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রলেখক খিলগাঁও পুনর্বাসন এলাকার সি-ব্লকের ৩৭১ নম্বর প্লটের বাসিন্দা। আমার বাড়ির পাশের রাস্তার ভূগর্ভস্থ ওয়াসার পানির লাইনটি দীর্ঘ ৪০-৫০ বছর আগে স্থাপন করা হয়েছে। বর্তমানে লাইনটি প্রায় অকেজো হয়ে পড়েছে। যেটুকু পানি পাওয়া যায়, তাও ময়লা ও ব্যবহারের অনুপযুক্ত।
দীর্ঘদিন দেশ-বিদেশের পানীয়জল বিভাগে কাজ করেছি। আমার বাড়িতে ৪০-৫০ জন লোক বসবাস করেন। বর্তমান ওয়াসার হার অনুসারে পয়ো ও পানির বিল সারচার্জসহ মাসিক চার হাজার ৮০০ থেকে পাঁচ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে আমি দ্বিগুণেরও বেশি বিল পরিশোধ করে আসছি। এর একমাত্র কারণ হচ্ছে, আমার প্রায় অর্ধেক পানিই অপচয় হয়। ট্যাংকের ওপরিভাগের পানি কিছুটা স্বচ্ছ হয়, যা মোটামুটি ব্যবহার করা যায়। কিন্তু তলদেশের প্রায় অর্ধেক পানি এত ময়লা যে তা ব্যবহার করাই দায়।
উল্লেখ্য, আমি বছরে তিন-চারবার আমার পানির ট্যাংক পরিষ্কার করি। এই সমস্যার সমাধানে পুরোনো লাইনটি পরিবর্তন করে নতুন একটি লাইন স্থাপনের জন্য ২০১০ সালের ২৭ মার্চ মাননীয় সাংসদ কর্তৃক সুপারিশকৃত একটি আবেদন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দিয়েছিলাম।
আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সর্বশেষ নির্বাহী প্রকৌশলী মডস জোন-৬ ঢাকা ওয়াসার দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নূরুল ইসলাম
ঢাকা।