পুরান ঢাকার বাসাবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ, মাদ্রাসা-মন্দির, কলকারখানা, ফ্যাক্টরি—সর্বত্র বিদ্যুৎ বিভাগ ডিপিডিসি ডিজিটাল এবং মাদার মিটারের মাধ্যমে যে বিদ্যুৎ বিল আদায় করছে, তাতে অনেক ঘাপলা ও চালাকি রয়েছে।
এনালগ মিটারে যে বিদ্যুৎ বিল আসত, এখন সেখানে তিন-চার গুণ বেশি বিল আসছে। যেমন, আগের ৫০০ টাকার বিদ্যুৎ বিলের জায়গায় একই বিদ্যুৎ খরচে বিল আসছে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। নিম্নমধ্যবিত্ত পরিবার, ক্ষুদ্র দোকানদার, ভাড়াটে এমনকি বাড়ির মালিকেরাও এ ধরনের অযৌক্তিক এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন।
বিদ্যুতের লোকজনই বলছে, ডিজিটাল মিটারের কারসাজির মাধ্যমে ডিপিডিসি কোটি কোটি টাকা আদায় করে প্রতিষ্ঠানকে আরও বৃহৎ এবং নিজেরা বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে ডিপিডিসি অত্যন্ত সুচতুর কারসাজির মাধ্যমে পুরান ঢাকায় বসবাসকারী গরিব ও দরিদ্র পরিবারগুলোকে যে বিদ্যুৎ বিল দিয়ে থাকে, তা বিদ্যুৎ খরচের চেয়ে অনেক বেশি মনে হচ্ছে।
প্রতিদিন এলাকার মানুষ স্থানীয় বিদ্যুৎ অফিসে ধরনা দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। উল্টো মনে হচ্ছে, বিল না দিলেই বিনা নোটিশে লাইন কাটা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখানো হয়।
এ অবস্থায় নগরবাসী অসহায়। এটা দেখার কেউ নেই। মন্ত্রণালয় বলে ডিপিডিসি এখন প্রাইভেট কোম্পানি, আমাদের করার কিছু নেই। তারপর সরকার আবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারসাজি বন্ধ করে সেবার মান বাড়ানো দরকার। বিষয়টি গুরুতর। সরকারের কাছে দাবি, তদন্ত করে দেখা হোক।
মাহবুব উদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, ঢাকা।