আগ্রহ থাকা ভালো, কিন্তু কোনো কিছুতে অতিরিক্ত আগ্রহ থাকা ভালো নয়। সেই আগ্রহ-ই একসময় নেশায় পরিণত হয়। যেমন, লেখাপড়ার আগ্রহ থাকা ভালো কিন্তু অতিরিক্ত নয়! কারণ অতিরিক্ত আগ্রহে শিক্ষার্থী তার পাঠ্যপুস্তকের বাইরে যে একটা জীবন আছে সেটা ভুলে যায়। তাই পরিমিত মাত্রায় আগ্রহ থাকাটাই শ্রেয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, ঘুমানো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, শরীরচর্চা করা উচিত।
বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। তাদের নিজস্ব মতামত প্রকাশের জন্য ফেসবুক আছে। সেই ফেসবুক হয়ে উঠেছে তাদের পাঠ্যবই থেকেও বেশি আগ্রহের বস্তু। অনেক কিছুই গুরুত্ব হারিয়েছে। তারা রাত জেগে ফেসবুক চালানোর কারণে সকালে শরীরচর্চা করতে পারে না, যা দেহ ও মনের জন্য অতি জরুরি। পরিচিত এক শিক্ষার্থী এসএসসিতে ৪.১৯ পেয়ে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়। কিন্তু সে এইচএসসি-তে ২.৯০ পায়।
সম্ভবত, ফেসবুকে বেশি আগ্রহ থাকার কারণে তাঁর এমনটা হয়েছে। আরেক শিক্ষার্থী রাত তিনটা পর্যন্ত ফেসবুকে মগ্ন থাকে, নিজেকে ফেমাস হিসেবে দেখতে সে সারা দিন-রাত ফেসবুক ঘাঁটাঘাঁটি করে। ফলে তার রেজাল্টও খারাপ হয়।
কোনো কিছুই বেশি করা ভালো নয়। জীবন ও জগৎটা অনেক কিছুর ভারসাম্যের মধ্যে টিকে থাকে। এটা বোঝা দরকার।
মেহেদী হাসান
মুন্সিগঞ্জ।