ফেসবুক শুধু এই প্রজন্মের বিনোদন আর অবসর সময় পার করার মাধ্যমই নয়, এটি এখন ভার্চ্যুয়াল যোগাযোগ রক্ষার গুরুত্বপূর্ণ ও সহজলভ্য মাধ্যম। যে রায়কে কেন্দ্র করে এই ‘ডিজিটাল অবরোধ’ জনগণের ওপর আরোপ করা হয়েছে, সবাই এই রায়ের বিপক্ষে নয়। বর্তমান প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যাবে, এই সময়ের তরুণেরাই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রায় পরবর্তী শান্তিশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই প্রজন্মেরই মত প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।
কিছুসংখ্যক দুষ্কৃতকারীর ভয়ে তরুণ সমাজের মুখপত্র হিসেবে কাজ করা ফেসবুক বন্ধ করে দেওয়া মত প্রকাশের সুযোগ সীমিত করারই নামান্তর। সরকারের এই বালখিল্য সিদ্ধান্তের বিরুদ্ধে সচেতন গণমাধ্যম ও গণমাধ্যম ব্যক্তিত্বরা কলম ধরবেন বলে আমার বিশ্বাস। জনগণের বৃহত্তর ও সক্রিয়তর অংশের (তরুণ সমাজ) ওপর এই ‘অবরোধ’ শিগগিরই তুলে নেওয়া হোক।
জমাতুল ইসলাম, শিক্ষার্থী, কিশোরগঞ্জ।