প্রথম আলোতে (২৭ মে, ২০১৬) আনোয়ার পারভেজের লেখা ‘মান্নানের সবুজের রাজ্যে নীলপদ্ম’ নামের প্রতিবেদনে অধ্যাপক আবদুল মান্নানের কথা ও কাহিনি পড়ে বরিশালের নিসর্গী ডা. এম আহমেদের কথা মনে পড়ল। তাঁরও ছিল গাছপালা, অর্কিড ও ক্যাকটাসের বড় সংগ্রহ, আর সেই সঙ্গে ছিল নানা পাখি ও ছোটখাটো জীবজন্তু। অনেক চেষ্টা করেও তিনি তখন এই ‘নীলপদ্ম’ জোগাড় করতে পারেননি।
এম আহমেদ স্মরণীয় হয়ে আছেন তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাজন লিলি (Victoria amazonica) চাষের পদ্ধতি আবিষ্কারের জন্য। পুরান ঢাকার বলধা বাগানে লাগানো তাঁর এই গাছের বংশধরেরা এখনো বেঁচেবর্তে আছে। ১৯৬২ সালে আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে ব্যাপক ছাত্র-আন্দোলন শুরু হলে গ্রেপ্তার এড়াতে আমি বরিশাল থেকে পালাই এবং চাঁদপুরের মেহের কালীবাড়ির লাগোয়া আত্মীয় বাড়িতে কিছুদিন আত্মগোপনে থাকি। সেখানে ছিল পুকুরভর্তি এই ‘নীলপদ্ম’, শতফুলে সুশোভিত এবং সুগন্ধে প্লাবিত চারিধার। সেগুলোর কয়েকটি চারা আমি এম আহমেদকে পাঠাই। তিনি একটি ছাদের চাড়িতে লাগিয়ে বাকিগুলো বরিশাল শহরের কয়েকটি পুকুরে লাগান। ১৯৭১ সালে আগরতলা থাকার সময় রাজপ্রাসাদের লাগোয়া এক লেকে এই ফুলের সমারোহ দেখি। এখন লেকভর্তি এই ফুল আছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের এক চা-বাগানে।
প্রজাতিটি আফ্রিকার, আমাদের দেশে আজও সহজলভ্য নয়। এর কোনো বাংলা নাম নেই, তাই অনেকেই এটিকে ‘নীলপদ্ম’ বলেন। কিছু কারণও আছে। হিন্দু পুরাণে নীলপদ্ম বহুল উল্লিখিত। কীভাবে এই ফুলের উৎপত্তি হলো উপরিউক্ত প্রবন্ধলেখক তা উপস্থাপন করেছেন জনশ্রুতি ও পৌরাণিক ভাষ্য থেকে। ছেলেবেলায় মায়ের মুখে শুনেছি, নীলপদ্ম ফোটে মানস সরোবরে। ভারি রোমান্টিক চিত্রকল্প। জনস্মৃতিতে থাকার দরুন ফুলটিকে ‘নীলপদ্ম’ বলা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তাতে বিজ্ঞানের স্বীকৃতি নেই।
মনে রাখা প্রয়োজন, বৈজ্ঞানিক নামকরণের বহু সহস্রÊ বছর আগে মানুষ নিজ প্রয়োজনে গাছপালা, জীবজন্তুর নামকরণ করেছে এবং বিজ্ঞান তাতে যথেষ্ট উপকৃত হয়েছে। পদ্ম ও শাপলা-শালুক একই পরিবারের দুটি গণ বা জেনাস—যথাক্রমে নিলাম্বো (Nelumbo) ও নিমফিয়া (Nymphaea)। তাদের ফারাকও সহজদৃষ্ট—দলমণ্ডল ও গর্ভাশয়ের বিন্যাস সম্পূর্ণ পৃথক। শেষোক্তি, অর্থাৎ Nymphaea ফলের গড়নে দৃশ্যমান।
তাই এই ফুলকে কোনোভাবেই নীলপদ্ম বলা যাবে না। এটির বৈজ্ঞানিক নাম নিমফিয়া কাপেনসিস (Nymphaea Capensis)। এই প্রজাতিকে শাপলা-শালুকের ঘনিষ্ঠতম আত্মীয় ভাবতে হবে, পদ্মের নয়।
দ্বিজেন শর্মা
ঢাকা।