অদৃশ্য অনলে পুড়ছে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাদ আছে, ‘বনের পোড়া মানুষ দেখে, মনের পোড়া দেখে না।’ আজ সারা দেশ যখন পেট্রলবোমার আগুনে জ্বলছে, তখন হিসাবের খাতায় জমা হচ্ছে কতজন বিএনপি, কতজন আওয়ামী লীগ, কতজন পুলিশ আর কতজন সাধারণ মানুষ মারা যাচ্ছে।
দেশের ১৬ কোটি মানুষ অদৃশ্য অনলে জ্বলছে। যারা টিভি দেখে, পত্রিকা পড়ে, তারা জ্বলছে; যাদের ঘরে অসুস্থ স্বজন রাস্তায় বের হতে ভয় পায় বলে ডাক্তারের কাছে যেতে পারছে না, তারা জ্বলছে; যে শিক্ষার্থী বিদ্যালয় যেতে পারছে না মোবাইলে মোবাইলে পড়া জেনে নিয়ে ঘরে বসে পড়ছে, তারা জ্বলছে; যে মানুষ কাজে যেতে না পেরে ঘরে অলস সময় কাটাচ্ছে, সে জ্বলছে; ঘরের খাবার থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাজেট কমাতে গিয়ে গৃহবধূ জ্বলছে, যে শিশু মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে, সে মায়ের হৃদয়ের ক্ষোভের অনলে জ্বলছে।
আমরা কি ধরেই নিয়েছি এটাই আমাদের নিয়তি? প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় নারীদের বুকফাটা আর্তনাদের ছবি থাকে। আমাদের অনুভূতি কি ভোঁতা হয়ে যাচ্ছে?
দিনের পর দিন পার হচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। আতঙ্ক আর অনিশ্চয়তা চারদিক থেকে ঘিরে ধরছে আমাদের। ঘরে ক্ষুধার জ্বালা, বাইরে বোমার আগুন। রাজনীতি হিসাব করছে তাদের নিজস্ব লাভ-ক্ষতি। আমাদের কথা কে ভাববে? ১৬ কোটি মানুষের দেশে নির্লোভ, নির্মোহ, সত্যবাদী একজন মুক্তিদাতাও কি জন্মায়নি, যে মুক্তির স্বপ্নটুকু বাঁচিয়ে রাখবে?
শাকিলা নাছরিন
মুরাদপুর, ঢাকা।