অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের বদৌলতে বিশ্ব এখন হাতের মুঠোয়। তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছে ইন্টারনেট তথ্যের অন্যতম প্রধান উৎস। কিন্তু বাংলাদেশে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যুদ্ধের ইতিহাস সংরক্ষণে অবহেলার অভিযোগ তুলেছে জার্মানভিত্তিক নিউজ সাইট ডিডব্লিউওয়ার্ল্ড।
সরকারের মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে <http://www. molwa. gov. bd/> যুদ্ধের ইতিহাস মাত্র এক পাতায় তুলে ধরা হয়েছে। আর তথ্যের মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠদের জীবনী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের ভিডিও। নেই মুক্তিযুদ্ধের ইতিহাস-সম্পর্কিত তথ্যচিত্রের সংগ্রহশালা। অথচ সরকারি এই ওয়েবসাইটেই সবচেয়ে বেশি তথ্য থাকা কাম্য। তবে এর চেয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েবসাইটটি কিছুটা সমৃদ্ধ। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় কনটেন্ট থাকায় এ সাইট থেকে বিদেশিরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ পাবেন। সাইটটিতে ১৯৭১-এর ফেব্রুয়ারি থেকে নভেম্বর সময়ের বিভিন্ন ভিডিও আছে।
তরুণসমাজের সব থেকে বেশি আসক্ত যে ফেসবুকে, সেখানেও মুক্তিযুদ্ধ-বিষয়ক তথ্যের ঘাটতি রয়েছে। ইউটিউবে রয়েছে মুক্তিযুদ্ধ-বিষয়ক সাড়ে ছয় শর মতো ভিডিও। তবে উইকিপিডিয়াতে বিভিন্ন ব্লগার তথ্য সন্নিবেশিত করায় বিভিন্ন ভাষায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়।
তবে জেনোসাইড বাংলাদেশ ডটঅর্গ নামক একটি ওয়েবসাইটে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি, ভিডিও ও সংবাদ আছে। আর টাইমলাইন অংশে ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত বিভিন্ন ঘটনাপ্রবাহ রয়েছে এই সাইটে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত।
ফলে আগামী প্রজন্ম ও বিদেশিদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা ও তা সংরক্ষণ করার জন্য মুক্তিযুদ্ধের সব তথ্য ডিজিটাইজ করতে হবে।
মো. রেদোয়ান হোসেন
পিরোজপুর।