অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুয়েলগেজ রেললাইনের ওপর দিয়ে ব্রডগেজ ও মিটারগেজ দুই ধরনের ট্রেনই চলাচল করতে পারে। টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকায় ডুয়েলগেজ রেললাইন আছে। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এখানেই বাংলাদেশের বৃহত্তম সমুদ্রবন্দর অবস্থিত। বাংলাদেশে উৎপাদিত পণ্যের সিংহভাগ এই বন্দর দিয়েই বিদেশে রপ্তানি করা হয়। আবার বিদেশ থেকে আমদানি করা পণ্যের সিংহভাগ এই বন্দরেই নামানো হয়। তারপর তা ট্রেনে ঢাকায় নিয়ে আসা হয়।
কিন্তু ঢাকা-চট্টগ্রাম রেললাইন মিটারগেজ হওয়ায় একবারে বেশি পণ্য আনা যায় না। ফলে বন্দরে কনটেইনার–জট সব সময় লেগে থাকে। অথচ ব্রডগেজ ট্রেনে একবারে মিটারগেজ ট্রেনের তুলনায় দ্বিগুণেরও বেশি পণ্য অত্যন্ত দ্রুত আনা যায়।
ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনগুলো অনেক বেশি পরিমাণ যাত্রী নিয়ে অত্যন্ত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। তা ছাড়া, ব্রডগেজ রেললাইনে দুর্ঘটনা কম ঘটে। মূলত এসব বিষয় বিবেচনা করেই ঢাকা-চট্টগ্রাম মিটারগেজ সিঙ্গেল লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরেও সিদ্ধান্তটি বহাল ছিল। কিন্তু বর্তমানে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে শুধু মিটারগেজ ডাবল লাইন বসানো শুরু করা হয়েছে।
একটা ভালো সিদ্ধান্ত নিয়ে আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসা অত্যন্ত দুঃখজনক। সিংহভাগ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পাদিত হয় বলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দরের ওপর অনেকাংশে নির্ভরশীল। আর এই কারণেই চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে এই রেললাইনটি ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তর করা অত্যন্ত জরুরি ছিল। তবে রেললাইন (স্টিলের রেলসমূহ) বসানোর কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিধায় আগের সিদ্ধান্তে ফিরে যাওয়ার সুযোগ এখনো রয়েছে। এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।
জাহিদ ইকবাল, ঢাকা।