বাংলাদেশে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো রেলপথ। একসময় কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য মানুষ রেলপথেই যাত্রা করত। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেলপথ। বর্তমানে রেলপথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ।
মানুষ এখন ট্রেনে উঠতেই ভয় পায়। কয়েক দিন পরপরই দেখা যায়, ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। যার ফলাফল হিসেবে ৮-১০ ঘণ্টা বন্ধ থাকে দেশের বিভিন্ন রুটের রেল যোগাযোগ। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
বিভিন্ন স্থানে রেললাইনের উভয় পাশে বাজার এবং স্থাপনার জন্য দুর্ঘটনা ঘটছে। আর লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা তো প্রায়ই হয়। অনেক স্থানেই গেটম্যান না থাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। প্রায়ই যাত্রাপথে পকেটমার, টানা পার্টি ও ছিনতাইকারী চক্রের হাতে যাত্রীর জিম্মি হওয়ার খবর পাওয়া যায়। ট্রেনের ভেতরে চাঁদাবাজি ও শ্লীলতাহানির মতো অপকর্মও ঘটে।
যাত্রাপথে বখাটেদের হাতে যুবতী ও কিশোরীরা নির্যাতিত হয়। ট্রেনের ভেতরে নারীদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলার কারণেই ট্রেনে এসব ঘটছে। কর্তৃপক্ষ রেলপথের উন্নয়ন এবং ট্রেনের ভেতরের নিরাপত্তা বাড়ালেই রেলপথ হবে নিরাপদ। নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন হলে এই জনপ্রিয় যোগাযোগমাধ্যমটি আবারও জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে। আশা রাখি, ঈদুল আজহা সামনে রেখে রেলপথের নিরাপত্তার জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মো. নিজাম উদ্দিন, মৌলভীবাজার।