১৫ মে ২০১৬ প্রথম আলোয় ‘বোর্ডের ভুলে ২০০ শিক্ষার্থী ফেল’ শিরোনামে প্রতিবেদনটি পড়ে মর্মাহত ও কিছুটা বিস্মিত হলাম। প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুধর্ম বিষয়ে ওই শিক্ষার্থীদের ফেল দেখানো হয়েছে। আরও কষ্টের ব্যাপার হলো ওই শিক্ষার্থীদের একজন আত্মহত্যা করেছে। এই চরম অবহেলার দায় কে স্বীকার করবে? অন্যদিকে ১৬ মে প্রথম আলোয় পড়লাম বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত ফলে ১ হাজার ১৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। হৃদয়বিদারক ব্যাপার হলো, আত্মহত্যা করা শিক্ষার্থী হিন্দুধর্ম বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। অভিভাবকদের চাপা ক্ষোভ, কষ্ট আর দীর্ঘশ্বাসের লাঘব কে করবে? চলে যাওয়া একজন মেধাবী শিক্ষার্থীর মেধার মূল্য কীভাবে দেবে?
এসএসসি পরীক্ষা হলো বৃহৎ পরিসরে যোগ্যতা প্রমাণের সুযোগ। আর সেখানে পরীক্ষার্থীদের মানসিকতার মাঝে অভিভাবকদের প্রত্যাশার ছাপ এবং চাপ দুটোই থাকে। শিক্ষার্থীরা তাদের দীর্ঘ প্রস্তুতির প্রতিফলন ঘটায় এখানে। মাঝেমধ্যেই নানা অনিয়মের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, এমনকি সনদেও ভুল দেখা যায়। আর এই ভুলগুলো শিক্ষার্থীদের ফেলে বিপাকে। দুর্ভাগ্য হলো, অনেক সময়ই দোষী ব্যক্তিরা শাস্তি থেকে রেহাই পেয়ে যান। প্রয়োজন যেকোনো অনিয়মে (বোর্ড কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে) শাস্তি নিশ্চিত হওয়ার প্রয়োজন।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।