কী সুন্দর একটি দেশ! কী অপূর্ব দেশের মানুষ! কী চমৎকার সামাজিক বন্ধন! মাটির মতো সহজ-সরল মানুষের হৃদয়। কী অপার সম্ভাবনাময় একটি দেশ! মাটি, মানুষ, জল, বায়ু, রোদ—সবকিছুই অমূল্য সম্পদ। কী নেই এখানে, শুধু নেই রাজনীতিবিদদের মধ্যে উষ্ণ ভালোবাসা। একে অপরের প্রতি মমত্ববোধ।
তাঁদের মধ্যে আছে একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার এক অসম প্রতিযোগিতা। দুই বৃহত্তর দলের মধ্যে সৃষ্টি হয়েছে অবিশ্বাস ও সন্দেহের অদৃশ্য দেয়াল। ফলে সংঘর্ষ, সংঘাত অস্থিরতা সৃষ্টি হচ্ছে। নদীর কূল ভাঙার মতো চলছে আমাদের জীবন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবাই এগিয়ে যাচ্ছে দ্রুতলয়ে। আমরা এক কদম এগোই, তো দুই কদম পিছাই। এ ধারা চলছে অনাদিকাল ধরে। স্বার্থপরতার ঊর্ধ্বে কেউ উঠতে পারছেন না।
ছাড় দেওয়ার মনমানসিকতা নেই বললেই চলে। সবাই দেশের কথা বলে, জনগণের কথা বলে, অথচ সেই অসহায় মানুষ আজ পুড়ে অঙ্গার হচ্ছে। হিংসার অনলে জ্বলছে বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, তৈরি পোশাকশিল্পে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। অর্থনীতির বিপর্যয় মানে দেশ পঙ্গু, অথর্ব। দেশ পঙ্গু মানেই চরম দরিদ্রতা, সীমাহীন বেকারত্ব, জঙ্গিবাদের উত্থান। অব্যাহত সহিংসতা, নাশকতা, নৈরাজ্য অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে কবে মুক্তি পাব, কেউ বলতে পারছে না।
তাই দয়া করে এবার থামুন।
মো. নুরুজ্জামান, ঢাকা।