অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপচয়’ কথাটা ছোট হলেও আমরা নানা ক্ষেত্রেই এর ব্যাপক প্রয়োগ দেখতে পাই। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় করছি আমরা। চোখে আঙুল দিয়ে দেখানোর মতো একটা রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের ক্ষেত্র হচ্ছে ‘বিদ্যুতের অপচয়’। আমরা যারা বিভিন্ন হল কিংবা হোস্টেলে থাকি, তারাই বিদ্যুতের সবচেয়ে বেশি অপচয় করি। এক রুম থেকে অন্য রুমে যাচ্ছি, কিন্তু নিজের রুমের ফ্যানটা বন্ধ করতে ভুলে যাই। এমনকি কখনো কখনো ফ্যান বন্ধ না করেই ক্লাসে দৌড় দিই।
একটা বিষয় মাথায় আসে না, আমরা অনেকেই ব্যক্তিগত স্বার্থে অটল, অথচ রাষ্ট্রীয় সম্পদের প্রতি উদাসীন। এক বন্ধুকে তার মোবাইল ব্যাংকিং থেকে আমার ফোনে ২০ টাকা রিচার্জ করে দিতে বললাম, সে ১৯ টাকা রিচার্জ দিয়ে প্রমাণ করেছিল যে সে নিজের স্বার্থটা কত ভালো বোঝে। কিন্তু অবাক হই যখন দেখি সেই বন্ধুটি রুমে না থাকলেও তার ফ্যানটা একাকী অসহায়ের মতো ঘুরছে।
গ্যাস অপচয়ের কথা নাইবা বললাম, বাসাবাড়িতে মা-চাচিদের গ্যাস ব্যবহার (কাপড় শুকানো, দেশলাইয়ের কাঠি বাঁচাতে চুলা জ্বালিয়ে রাখা, শীতে ঘর গরম রাখা ইত্যাদি) দেখে আবারও মনে হয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কবে বুঝব, আমরা একটি রাষ্ট্রের নাগরিক!
মো. শাহজালাল, চট্টগ্রাম।