অপরাধপ্রবণতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে রাজনৈতিক সংঘাত না থাকলেও খুনখারাবিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। একের পর এক শিশুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে, যা দেশ, জাতি ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। একদিকে কিছু নরপশু অর্থ ও সম্পত্তির লোভে শিশুদের অপহরণ করে বা জিম্মি করে হত্যা করছে, অন্যদিকে অত্যন্ত বিস্ময়করভাবেই মা-বাবা নিজেরাই দাম্পত্য কলহের কারণে সন্তান হত্যা করে একজন অন্যজনের ওপর প্রতিশোধ নিচ্ছেন। মানুষ মানুষকে হত্যা করেছে—এমন ঘটনা প্রাচীনকাল থেকেই চলে আসছে কিন্তু নিষ্পাপ শিশুকে মানুষ হত্যা করতে পারে—তা কল্পনাই করা যায় না। বিশেষ করে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোলই যখন শিশুর জন্য অনিরাপদ হয়ে ওঠে, তখন শিশুরা কোথায় যাবে?
শিশু হত্যাকারী মা-বাবাকে শাস্তি দিলেও এ ধরনের শিশুহত্যা বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সামাজিক ও পারিবারিক সচেতনতা সৃষ্টি করা। আর যারা অর্থের লোভে শিশুদের জিম্মি করে হত্যা করছে, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে নারী নির্যাতন ও নারী হত্যাও দিন দিন বেড়েই চলেছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রেই অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে। এ জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও সচেতন হতে হবে।
বিপ্লব বিশ্বাস, গোয়ালচামট, ফরিদপুর।