অবসর ও কল্যাণ ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তজুমদ্দিন উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি। আমি ২০০৮ সালের জুনে অবসরে যাই।
যথারীতি ২০০৮ সালের আগস্টে অবসর ভাতা ও কল্যাণ ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছি। পরের বছর জুলাই মাসে দুটি চেকের মাধ্যমে কল্যাণ ভাতা ও অবসর ভাতার সমুদয় টাকা পেয়েছি মাত্র এক বছরের মধ্যে। দুঃখের বিষয়, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা দরখাস্ত জমা দিলে অফিস বলে যে দুই বছর পর খোঁজ নেবেন। একজন শিক্ষক শূন্য হাতে প্রতিষ্ঠান থেকে বিদায় নেন, তাঁর সংসার কীভাবে চলে, তা কি ভেবেছেন?
শিক্ষা খাতে সরকার অনেক কাজ করলেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি এত দুর্ব্যবহার কেন? আমার স্ত্রী ১০ ফেব্রুয়ারি ২০১৩ সালে অবসর নিয়েছেন। তাঁর দরখাস্ত ২৫ ফেব্রুয়ারি ২০১৩ জমা দিয়েছে। অফিসে খোঁজ নিলে জানানো হয়, ২০১৫ সালের মাঝামাঝি খবর নেবেন। অবসর ভাতা অফিসে খোঁজ নিলে সেখান থেকে জানানো হয় ২০১৭ সালে খবর নেবেন।
বর্তমানে ২০১১ সালের জমা দেওয়া দরখাস্তের কাজ চলছে। অপরদিকে অফিসে গেলে শুনি টাকা সরকার নিয়ে গেছে। আমরা কোথা থেকে টাকা দেব। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা যদি অবহেলার পাত্র হয়ে থাকেন, তাহলে যেখানে শিক্ষার উন্নয়ন প্রশ্নবিদ্ধ হয়। প্রতিদিন অনেক শিক্ষক-কর্মচারী অফিসে আসেন। আর উত্তর শুনে অসহায়ভাবে বাড়ি ফিরে যান। যেখানে দেশে আড়াই লাখ কোটি টাকার বাজেট চলছে, সেখানে শিক্ষক-কর্মচারীরা অবসর নিয়ে দুঃখ-কষ্টে সংসার চালাচ্ছেন। সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারছেন না। এটা ভাবতে খুবই কষ্ট হচ্ছে। সরকারের সব উন্নয়নে শিক্ষকদের প্রয়োজন হয়।
তাই প্রধানমন্ত্রী ও মন্ত্রী মহোদয়, এসব শিক্ষক-কর্মচারীদের কথা একটু ভাবুন। আগে যদি এক বছরের মধ্যে কল্যাণ ভাতা ও অবসর ভাতা দিতে পারে, এখন ডিজিটাল যুগে তা কেন পারবে না।
এ অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুঃখ-কষ্টের কথা ভাবুন এবং এক বছরের মধ্যে যেন কল্যাণ ভাতা ও অবসর ভাতা পেতে পারে, তার ব্যবস্থা করার অনুরোধ করছি । শাহ মো. শাহজাহান
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক
তজুমদ্দিন, ভোলা।