পে-কমিশন বিগত ২১ ডিসেম্বর মাননীয় অর্থমন্ত্রী সমীপে সরকারি চাকুরেদের জন্য অষ্টম জাতীয় পে-স্কেল প্রস্তাব পেশ করেছে। এতে শতভাগ বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা সর্বোচ্চ ৮০ হাজার টাকা বেতনের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের বেতন এক লাখ টাকার কথা বলা হয়েছে।
সরকার অবসরপ্রাপ্তদের দিকে সদয় দৃষ্টি দিয়ে তাঁদের পেনশন বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের বেতনের টাকাপ্রতি ২০০ টাকার শতকরা ৮০ টাকার পরিবর্তে বেতনের টাকাপ্রতি ২৩০ টাকায় শতকরা ৯০ টাকা পেনশন-গ্রাচ্যুইটি দেওয়ার প্রস্তাব বিবেচনায় আছে। আলোচ্য অষ্টম জাতীয় স্কেল কার্যকর হওয়ার পর যাঁরা অবসরে যাবেন, নতুন হার অনুযায়ী তাঁদের পেনশন বর্তমানের চেয়ে ১৫৬ শতাংশ বাড়ার সম্ভাবনা আছে।
পুরোনো পেনশনার, যাঁরা বর্তমান হারে পেনশন তুলছেন, তাঁদের ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেবে? এখন তাঁরা যে ভাতা পান, অগ্নিগর্ভ বাজারমূল্যে তা নেহাতই অকিঞ্চিৎকর। পুরোনো অবসরভোগীদের দুরবস্থা মাথায় রেখে তাঁদের পেনশন শতকরা ২০০ ভাগ বৃদ্ধির অনুনয় করি। অথবা পেনশনার যে স্কেলে অবসরে গেছেন, অষ্টম জাতীয় স্কেলের সম্পৃক্ত সেই একই স্কেলে ন্যূনতম বেতনের সঙ্গে একাধিক ইনক্রিমেন্টযুক্ত করে কল্পিত বেতন নির্ধারণ করে নতুন হারে মাসিক পেনশন পুনর্নির্ধারণের অনুরোধ জানাই।
বৃদ্ধদের রোগ-ব্যাধি কর্মরত ব্যক্তিদের চেয়ে অনেক বেশি। এই বয়সে শারীরিক শক্তি রহিত হওয়া ছাড়াও মরণব্যাধির আক্রমণও হয়। তাই অবসরভোগীর সাধারণভাবে চিকিৎসা ভাতা ২ হাজার ৫০০ টাকা, ৬৫ বছর বয়স হলে ৩ হাজার ৫০০ টাকা, ৭০ বছর পূর্ণতায় ৫ হাজার টাকা, অশীতিপরের জন্য (যাঁরা সংখ্যায় অল্প) ৭ হাজার টাকা নির্ধারণের অনুনয় করি। দুই ঈদে দুটির পরিবর্তে চারটি উৎসব ভাতা মঞ্জুরের আকুতি জানাই।
যাঁরা শতভাগ পেনশন সমর্পণ করেছেন, অবসরের ১৫ বছর পরে তাঁদের পূর্ণ পেনশন বহালের দাবি জানাই। পেনশনের ন্যূনতম মেয়াদ বর্তমানের ১৫ বছরের পরিবর্তে ২০ করারও বিবেচনা রাখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবে কি?
মোহাম্মদ দেলোয়ার হোসেন
ঝালকাঠি।