শেষ পর্যন্ত দাদা-নানাদের খবরটা দেওয়ার জন্য প্রথম আলোসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সংবাদ তো আশ্বস্ত হওয়ার মতো নয়। ভেবে পাই না, যাঁরা বর্তমানে বিভিন্ন পদে আসীন থেকে সুযোগ-সুবিধা ভাগ-বাঁটোয়ারা করছেন, তাঁরা কি ভাবছেন যে তাঁদের কোনো দিন পেনশনভোগী হতে হবে না? তাঁদের বাবা-চাচা-দাদা-নানাদের মধ্যে কি কেউ পেনশনভোগী নেই? দেশের সিনিয়র নাগরিকদের এমন অবহেলা করা কোন গণতান্ত্রিক রীতি! কর্মরতদের বেতন দ্বিগুণ বা তার বেশি হলো, আর পেনশনারদের মাত্র ৪০-৫০ শতাংশ? বুড়োরাও তো একই বাজার থেকে কেনাকাটা করবেন।
চাকরিজীবনে যাঁরা যেনতেন করে আখের গুছিয়ে নিয়েছেন, তাঁদের এই সামান্য পেনশনের টাকার প্রয়োজন হয় না। কিন্তু যাঁরা সৎ ভাবে জীবন যাপন করেছেন, পেনশন ছাড়া তাঁরা অচল। ফলে, সরকারের এই সিদ্ধান্ত কি দুর্নীতির পক্ষে গেল না?
মো. নজরুল ইসলাম
অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা।