আমার এক শিক্ষকের শ্বশুর ১৯৮৮ সালে ডেপুটি কমিশনার (ইনকাম ট্যাক্স) পদ থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে তাঁর বয়স ৮৩ বছর। ২০০০ সালে তাঁর স্ত্রী মারা যান। বর্তমানে তিনি তাঁর একমাত্র ছেলেকে নিয়ে উত্তরায় পাঁচতলায় একটি বাসায় ভাড়া থাকেন। চাকরিজীবনে সৎ থাকার কারণে আর্থিক সচ্ছলতা খুব বেশি আসেনি। বর্তমানে তিনি যে পেনশন পান তা উত্তোলনের জন্য উত্তরা থেকে মিরপুরে আসতে হয়। স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম হলেও পেনশন উত্তোলনের ক্ষেত্রে কোনো ছাড় নেই।
অর্থাৎ অন্য সময় সোজা হয়ে দাঁড়াতে না পারলেও তাঁকে পেনশন উত্তোলনের জন্য বাসার পাঁচতলা থেকে নামা ও তিনতলায় অবস্থিত ব্যাংকে যেতেই হয়। সাধারণত বৃদ্ধ বয়সে মানুষের শরীরের ওপর অতটা নিয়ন্ত্রণ থাকে না। তাই নিজ হাতের স্বাক্ষরও গরমিল হয়ে যায়। ফলে তাঁকে বাধ্য হয়ে বারবার স্বাক্ষর ঠিক করতে হয়। দুর্ভাগ্যক্রমে যদি কোনো মাসে তিনি ব্যাংকে যেতে না পারেন, তাহলে ওই মাসের পেনশন উত্তোলন কঠিন হয়ে যায়। শুনতে হয় ব্যাংকারদের বাড়তি কথা।
না, এখানে ব্যাংকারদের কোনো দোষ নেই। পেনশন ওঠাতে হলে অবশ্যই তাঁর মালিককেই ব্যাংকে আসতে হবে, এটাই নিয়ম। এ জন্যই প্রতি মাসের প্রথমার্ধে ব্যাংক হয়ে ওঠে প্রবীণদের মিলনমেলা। কাউকে দেখি কোলে করে নিয়ে আসতে, আবার কাউকে দেখি ভ্যানে নিয়ে আসতে। আর এই মাধ্যমগুলোর মাধ্যমেও যাঁরা ব্যাংকে আসতে পারেন না, তাঁদের প্রতিনিধিরা কর্মকর্তাদের বলছেন, ‘স্যার, আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত, বা অন্ধ অথবা হাসপাতালে’ ইত্যাদি বলে অনুরোধ করছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে, দোষ কাদের। আসলে দোষ কারোরই না। পেনশনদাতা ও গ্রহীতা উভয়ই তাঁদের নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনে সচেষ্ট। কিন্তু আজ যাঁরা বৃদ্ধ বা বৃদ্ধা, তাঁরাই একসময় এই দেশ, মাটি ও মানুষের জন্য তাঁদের জীবনের সোনালি দিনগুলো ব্যয় করেছেন। তাঁদের এই কষ্ট লাঘবে বিকল্প ব্যবস্থা গ্রহণের বয়োজ্যেষ্ঠ অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
মোশেফ হাসান
ঢাকা কলেজ, ঢাকা।