মনে যথেষ্ট উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে লেখাটি লিখছি। আমি রাজধানীর একটি স্বনামধন্য বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের ছাত্র এবং এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। বাংলাদেশে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমের পাশাপাশি যে ‘ইংরেজি ভার্সন’ নামক আরেকটি মাধ্যম রয়েছে, তা অনেকেরই অজানা নয়। কিন্তু এ মাধ্যমের শিক্ষার্থীদের প্রতি যে অবহেলা করা হচ্ছে, তা অনেকেরই অজানা।
ইংরেজি ভার্সনের বই থেকে শুরু করে এসএসসির প্রশ্নপত্রে প্রতিটি স্তরেই অবহেলার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বাংলা মাধ্যমের বইগুলোর সম্পূর্ণ ইংরেজি সংস্করণ হলো ইংরেজি ভার্সনের বই। কিন্তু ইংরেজি ভার্সনের বইগুলোর যে ধরনের অনুবাদ করা হয়েছে, সে অনুবাদ থেকে যদি ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে, তাহলে জাতিকে আর শিক্ষিত হতে হবে না। শুধু তা-ই নয়, অবহেলার শিকড় ছড়িয়েছে এসএসসির মতো পাবলিক পরীক্ষা পর্যন্ত। সর্বশেষ তথ্যমতে, প্রশ্নপত্রের এসব ভুলের জন্য ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা ‘অটো নম্বর’ পাবে না। এসব অবহেলা তুলে ধরতে গণমাধ্যমও তেমন ভূমিকা রাখছে না। ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কি শিক্ষার্থী নয়? ভবিষ্যতে জাতির জন্য কি তারা কোনো ভূমিকাই পালন করবে না? তাহলে কেন তাদের প্রতি এত অবহেলা?
পিনাক সরকার, তেজগাঁও, ঢাকা।