অবহেলিত পথশিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণির ইংরেজি পাঠ্যবইতে আমেরিগো নামক এক অসহায় পথশিশুর জীবনযাপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবাক হয়ে লক্ষ করলাম, দূরদেশের আমেরিগো আসলে আমাদের দেশের অসংখ্য পথশিশুরই প্রতিকায়িত রূপমাত্র। পথশিশু শব্দটি আসলে সব দেশ ও পরিবেশভেদে একই অর্থ বহন করে। আমাদের দেশেও এ রকম অসংখ্য আমেরিগো আছে, যারা বাধ্য হয়ে রাস্তাকেই থাকার জায়গা হিসেবে মেনে নিয়েছে।
পথশিশুদের জীবনযাপন ব্যবস্থা এতটাই করুণ যে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিতেই আমরা স্বস্তি বোধ করি। মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার পাওয়ার আশা সম্ভবত তারা কল্পনাও করতে পারে না। আর তার চেয়েও বড় কথা, বাংলাদেশে শিশুশ্রম-বিষয়ক আইনগুলো বেশির ভাগ ক্ষেত্রেই মেনে চলা হয় না। ফলে ছোট ছোট শিশুরা জীবনের তাগিদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ভারী কাজ করতে বাধ্য হয়। মনে হয়, পথশিশুদের আসলে মানুষ হিসেবেই গণ্য করা হয় না—তাদের জীবনের যেন দামই নেই। তবে বেশ কিছু সংগঠন পথশিশুদের কল্যাণে কাজ করছে, পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।
কিন্তু ব্যক্তি ও গোষ্ঠীগত উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব নয়। দরকার রাষ্ট্রীয় উদ্যোগের। পথশিশুদের বঞ্চিত করে এ দেশকে কোনোভাবেই ‘ডিজিটাল বাংলাদেশে’ উন্নীত করা সম্ভব নয়।
ফাইজুন নাহার, বরিশাল।