যানজট ঢাকা নগরের একটি প্রধান সমস্যা। আর এ সমস্যার প্রধান কারণ হলো অবৈধ পার্কিং। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বা রাজপথে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে দুঃসহ যানজট সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে না ওঠায় নগরবাসী ব্যস্ত সময়েও রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে। এতে যানজট দিন দিন আরও তীব্র হচ্ছে।
নগর বিশেষজ্ঞরা বলেছেন, দেশের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এলাকায় পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। অবৈধ পার্কিংয়ের সঙ্গে পুলিশ ও রাজনৈতিক সুবিধাভোগীর স্বার্থের সম্পর্ক থাকায় এটা বন্ধ করা যাচ্ছে না। দেশের যেসব জায়গায় পার্কিং স্পেস গড়ে উঠেছে, সেগুলোও তাদের কারণে কার্যকর করা যাচ্ছে না।
মনে হতে পারে, দেশের অধিকাংশ শহরের পথই গাড়ি চলার রাস্তা নয়, পার্কিং জোন। দেশের বড় সড়ক থেকে অলিগলি সবখানেই কমবেশি একই দৃশ্য। আর যানজটের আরেকটি কারণ হলো, রাস্তার মাঝে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এর কারণে দেশে প্রায় শহরে রাস্তার দুই পাশেই সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়, ফলে রাস্তা ছোট হয়ে আসে, আর এ জন্য তৈরি হয় যানজট। আর পথচারীদের পড়তে হয় ভোগান্তিতে। তাই অবৈধ পার্কিং বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মিজানুর রহমান
মৌলভীবাজার।