মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে শুরু করে ভাসানটেক বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার ওপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। উল্লেখ্য, এই রাস্তার দুই পাশে রয়েছে মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ নৌবাহিনীর বিএন স্কুল অ্যান্ড কলেজ, সেনাবাহিনীর সেনাপল্লী হাইস্কুল, মিরপুর টিনশেড কলোনি আবাসিক এলাকাসহ নানা স্থাপনা। নির্ঝর আবাসিক এলাকা ছাড়াও ভাসানটেক ও দেওয়ানপাড়ায় বসবাসরত লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক।
এ কারণে রাস্তাটি সরু হয়ে গেছে। এ ছাড়া এই দোকানপাটে অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ নেওয়া হয়েছে। এতে করে কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাতের আঁধারে এসব দোকানের আড়ালে-আবডালে বিক্রি হচ্ছে মাদক, ধ্বংস হচ্ছে যুবসমাজ। এই দোকানপাট উচ্ছেদ করে রাস্তা কার্পেটিং করে দিলে উচ্ছেদের পর পুনরায় দোকানপাট বসানো কঠিন হবে। ফলে নগর পরিচ্ছন্ন হবে। আশা করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
অনিতা বর্মন, ঢাকা।