রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ও আবাসিক প্লট বরাদ্দ দিয়েছে। কিন্তু দেখা যায়, বরাদ্দ পাওয়া মানুষ প্লটে আবাসিক বাড়ি বা বাণিজ্যিক ভবন নির্মাণ না করে তা বছরের পর বছর ফেলে রাখছেন!
তেজগাঁও শিল্প এলাকা, মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকা, ধানমন্ডি আবাসিক এলাকা, মিরপুর-মোহাম্মদপুর হাউজিং ইত্যাদি এলাকায় ১৯৫০ ও ৬০-এর দশকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ এখনো এসব এলাকায় অনেক প্লট খালি পড়ে আছে!
বরাদ্দপত্রের শর্তানুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন নির্মাণ না করা হলে প্লটের বরাদ্দ বাতিল করা হবে। কিন্তু তা সত্ত্বেও রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আজ পর্যন্ত প্লট অব্যবহৃত রাখার অভিযোগে এর বরাদ্দ বাতিল করেছে বলে জানা নেই। ঢাকায় এখন জমির তীব্র সংকট চলছে। অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন নির্মাণের জন্যও এখন জমি পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বরাদ্দকৃত প্লট খালি ফেলে রাখার যুক্তি নেই।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।