গত ১৩ আগস্ট এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পর্কে শিক্ষামন্ত্রী জনগণকে আহ্বান জানিয়েছেন, যদি কোনো মতামত বা পরামর্শ থাকে, তা যেন তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। প্রয়োজনে সেসব বিষয়ে তিনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।
আমি অনেকের হয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই। অনেক কলেজেই দেখা গেছে, যেকোনো একটি বিষয়ে কিছু শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে এসব শিক্ষার্থীর পরবর্তী বছের একটি বিষয়ে পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার সুযোগ আছে। আমাদের আবেদন, এসব শিক্ষার্থীকে এত দীর্ঘ সময় অপেক্ষা না করিয়ে যেন তিন মাস পর পরীক্ষার সুযোগ দেওয়া হয়। কারণ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যারা অকৃতকার্য হয়, তারা প্রায়ই সুবিধাবঞ্চিত। যারা কৃতকার্য হয় তাদের অধিকাংশই মেধা, অর্থসম্পদ—সবদিক দিয়েই সুবিধাভোগী।
এসএসসি পরীক্ষার পর থেকেই তারা এইচএসসির প্রতিটি বিষয়ের জন্য শিক্ষক রাখতে পারে, কোচিং সেন্টারে যেতে পারে। ফলাফলের পর তারা ভালো কলেজে ভর্তি হয় এবং সারা বছর কোচিংয়ে পড়াশোনা করে। স্বাভাবিকভাবেই তাদের ফল ভালো হয়।
অন্যদিকে, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা কলেজের সাহায্যে অথবা পার্টটাইম কাজ করে শিক্ষাজীবন চালায়। এই অবস্থায় কেউ কেউ এক বিষয়ে কৃতকার্য হতে পারে না। পাস করার জন্য তাদের আরও এক বছর অপেক্ষায় রাখা অত্যন্ত কষ্টদায়ক। অথচ এইচএসসি পাসটা অত্যন্ত জরুরি।
শুধু সুবিধাভোগী শিক্ষার্থীদের জন্যই যদি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা হয়, তবে সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে হারিয়ে যাবে অন্ধকারে।
আমাদের দেশের শুধু সুবিধাভোগী তরুণেরাই এগিয়ে যাবে, এটা স্বার্থপরের মতো চিন্তা। তাই অনুরোধ করছি শিক্ষামন্ত্রীসহ সব শুভার্থীকে, এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর জীবন থেকে অমূল্য সময় হারিয়ে যাওয়া রোধ করে তাদের এগিয়ে যেতে সহায়তা করুন।
যেসব শিক্ষার্থী ছয়-সাতটা শিক্ষক বা কোচিংয়ে পড়াশোনা করে ভালো ফল লাভ করে, তাদের কৃতিত্ব আসলেই কতটুকু? আমাদের দেশের সব শিক্ষার্থী সব অধিকার ও সুযোগ পাক—সেই প্রত্যাশা রইল।
রীনা দাস
অধ্যক্ষ, মার্টিন লুথার কলেজ, ঢাকা।