জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবাগতদের জন্য নরকস্বরূপ হয়েছে। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। একটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা নবাগত শিক্ষার্থীদের ব্যাপক হয়রানি করছেন। তাঁদের ইচ্ছেমতো চলতে বাধ্য করছেন।
এবার ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের প্রতিদিন সেই সংগঠনের মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া নেতাদের সঙ্গে যতবার দেখা হয়, ততবার সালাম দিয়ে সম্মান প্রদর্শন করতে হয়। অন্যথায়, এমন অসভ্য গালি দেন, যা তাঁরা জীবনেও শোনেননি।
তাঁরা হুঁশিয়ার করে দিয়েছেন যে প্রথম ছয় মাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা বই ধরতে পারবেন না। নবাগতদের রাত তিনটার আগে ঘুমাতে দেন না। মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁদের কথার একটু অবাধ্য হলে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়, পুকুরের মধ্যে নামতে বাধ্য করেন। এসব নির্যাতনে অতিষ্ঠ দুজন ছাত্র ভর্তি বাতিল করে চলে গেছেন। কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের দিয়ে যখন যা ইচ্ছা তা-ই করানো হচ্ছে, যা সভ্য সমাজে প্রকাশ করা যাবে না। তবু এসব যেন দেখার কেউ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।