অর্পিত সম্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ দ্বারা অর্পিত সম্পত্তির গেজেটভুক্ত ‘খ’ তফসিল এবং সে জন্য গঠিত বিচারিক কমিটিগুলো তাদের প্রদত্ত সিদ্ধান্তসহ বাতিল হয়ে গেছে।
তবে ‘খ’ তফসিলভুক্ত কোনো সম্পত্তিতে সরকার বা কোনো ব্যক্তির স্বত্ব বা স্বার্থ থাকলে প্রচলিত আইনে প্রতিকার লাভে আইনি কোনো বাধা নেই। ‘খ’ তফসিল বাতিল-পরবর্তী ভূমি মন্ত্রণালয়ের ২১-১১-২০১৩ তারিখের এক পরিপত্র থেকে জানা যায়, বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত যেসব সম্পত্তির ভোগদখলকারীরা তাদের নিজ নিজ মালিকানার সমর্থনে পরিপত্র জারির তারিখ থেকে এক বছরের মধ্যে বৈধ প্রমাণপত্র বা দলিলাদি উপস্থাপন করতে ব্যর্থ হবেন সেসব সম্পত্তি জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ৯২ ধারামতে খাস ঘোষণা করা হবে।
পরিপত্রের প্রথম নির্দেশনায় বলা হয়েছে, বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির ক্ষেত্রে যেসব সম্পত্তির হোল্ডিং বৈধভাবে খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হতো, সেসব সম্পত্তির ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর পূর্ববৎ আদায় করতে হবে। অথচ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে বলা হয়, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের (ভূমি) ছাড়পত্র ছাড়া তা গ্রহণ করা হবে না।
নামজারির বৈধতা নিরূপণের প্রয়োজন হলে কর্তৃপক্ষ উপজেলা ভূমি অফিসে সংরক্ষিত নামজারির রেজিস্টার ও মিস কেইস নথি এবং ইউনিয়ন/পৌর ভূমি অফিসে সংরক্ষিত টেনেন্ট লেজারের হোল্ডিংয়ে সংক্ষিপ্তভাবে লিপিবদ্ধ নোট থেকে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে তা করতে পারেন এবং নামজারি অবৈধ মনে করলে যথাযথ প্রক্রিয়ায় তা বাতিল করে আইনি ব্যবস্থা নিতে পারেন। আরও লক্ষ করা যায়, কোনো খতিয়ানভুক্ত সম্পত্তির কিয়দংশ বৈধ কিংবা অবৈধভাবে অর্পিত সম্পত্তির ‘খ’ গেজেটভুক্তির কারণে সেই খতিয়ানের গেজেট-বহির্ভূত বৈধ অবশিষ্ট সম্পত্তির নামজারি ও ভূমি উন্নয়ন কর গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের মালিকানাসংক্রান্ত বলবৎ ধারাটি বিবেচনায় নেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুর রহমান
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।