অর্পিত সম্পত্তির গেজেটভুক্ত বাতিল ‘খ’ তফসিলের সম্পত্তির বিষয়ে করণীয় সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০১৩ পরিপত্রে উল্লেখিত কতিপয় নির্দেশনার ও ভূমি কর্মকর্তাদের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর ২০১৪ প্রথম আলোয় প্রকাশিত উপর্যুক্ত শিরোনামের পত্রটি খুবই সময়োপযোগী ও সমর্থনযোগ্য।
‘খ’ গেজেটভুক্ত অর্পিত সম্পত্তির গেজেটপূর্ব নামজারি ও ভূমি উন্নয়ন কর গ্রহণের বৈধতা পুনঃ নিরূপণে নামজারিপ্রাপ্ত ভূমির মালিকদের হয়রানি না করে তাঁদের কেউ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেলে পত্র লেখকের প্রস্তাব অনুযায়ী ভূমি কর্মকর্তারা তাঁদের অফিসে সংরক্ষিত নথিপত্র পর্যালোচনা করে ভুয়া প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।
পত্রলেখক সূত্রে আরও জানা যায়, কোনো খতিয়ানভুক্ত সম্পত্তির অংশবিশেষ বৈধ কিংবা অবৈধভাবে অর্পিত সম্পত্তির ‘খ’ গেজেটভুক্তির কারণে খতিয়ানটির গেজেট-বহির্ভূত বাংলাদেশি মালিকানাধীন অবশিষ্ট সম্পত্তির নামজারি ও ভূমি উন্নয়ন কর গ্রহণ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনারের (ভূমি) ছাড়পত্র ছাড়া বন্ধ রাখা হয়েছে। এমন কর্মকাণ্ড বেআইনি ও অসৎ উদ্দেশ্যপ্রসূত। এ প্রসঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন।
প্রচারস্বল্পতা কিংবা ভূমির মালিকদের অসচেতনতার কারণে অর্পিত সম্পত্তির ব্যক্তিমালিকানা প্রমাণের সময়সীমার বহুল প্রচার নিশ্চিত করে ২০ নভেম্বরের পরিবর্তে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে অবিলম্বে নির্দেশনা জারির জন্য ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
সুকুমার দাস, দুপচাঁচিয়া, বগুড়া।