অলিপুরে ওভারব্রিজ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের অলিপুর বাসস্ট্যান্ডটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। অলিপুর এবং এর আশপাশে নির্মিত হচ্ছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ারসহ বিভিন্ন শিল্প ও কলকারখানা। এ ছাড়া নিকটবর্তী উপজেলাসহ এ অঞ্চলের জনসাধারণ দেশের বিভিন্ন স্থানে যেতে অলিপুর বাসস্ট্যান্ডে আসে। এখানে বিভিন্ন শিল্প ও কলকারখানা গড়ে ওঠায় এ বাসস্ট্যান্ডে প্রতিদিন অগণিত যাত্রী ভিড় করে। যাত্রীদের প্রয়োজনে মহাসড়কের এপার-ওপার করতে হয়। এদিকে নানাবিধ কারণে ঢাকা-সিলেট মহাসড়কটিতে যানবাহনের ভিড় থাকে এবং অপরদিকে এখানে শিল্প কলকারখানা চালু হওয়ায় জায়গাটি সব সময় জনাকীর্ণ থাকে।
গত কয়েক বছরে যাত্রীদের রাস্তা পারাপারে ঘটে গেছে অনেক দুর্ঘটনা এবং অকালে ঝরে গেছে অগণিত তাজা প্রাণ। বারবার এখানকার মহাসড়ক তাজা রক্তে ভিজে গেছে। এ ধরনের দুর্ঘটনা দেখলে ভয়ে গা শিউরে ওঠে। এখানে যদি একটি ওভারব্রিজ থাকত, তবে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। যথাযথ কর্তৃপক্ষকে উল্লিখিত স্থানটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
আবু মো. জাকারিয়া
হবিগঞ্জ।