দেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী আইনে স্নাতক করে বের হন। আইন পেশায় স্বীকৃতি পেতে অ্যাডভোকেটশিপ পরীক্ষা পাস করতে হয় তাদের। সেই পরীক্ষা নিয়ে থাকে বাংলাদেশ বার কাউন্সিল। কিন্তু সেই পরীক্ষা নিতে এক প্রকার অনীহা দেখা যায় তাদের মধ্যে। ফলে দীর্ঘদিন পরপর পরীক্ষা হয়। কয়েক ধাপের এ পরীক্ষায় অংশ নিতে নিতে শিক্ষার্থীরা পেশাজীবনে পিছিয়ে পড়ে। যারাই এর ভুক্তভোগী, বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাজনক।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগের নির্দেশনা সত্ত্বেও নিয়মিতভাবে আইনজীবী তালিকাভুক্তির এই পরীক্ষা নিচ্ছে না বার কাউন্সিল। ফলে হাজার হাজার আইন শিক্ষানবিশদের বেকারত্বের অসহনীয় ও দুর্বিষহ জীবন পোহাতে হচ্ছে। দেশ সেবা থেকে বঞ্চিত হচ্ছে কর্মক্ষম ও মেধাবী তরুণেরা। বার কাউন্সিলের এমন ধীর গতি ও উদাসীনতা বর্তমান সরকারের বেকারত্ব দূরকরণ নীতির পরিপন্থী।
উল্লেখ্য যে, করোনা পরিস্থিতির মধ্যেও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সংক্রমণ কিছুটা কমার সাথে সাথে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এখনো হচ্ছে।
অথচ বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নেওয়ার বিষয়ে দীর্ঘ আবেদন-নিবেদন সত্ত্বেও নির্বিকার বসে আছে, যা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ববোধ, সক্ষমতা ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং আইন শিক্ষানবিশদের সংবিধান স্বীকৃত কর্মের অধিকারকে ভূলুণ্ঠিত করছে।
হাজার হাজার আইন শিক্ষানবিশদের কর্মজীবন ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং মেধাবী তরুণদের আইন পেশায় আগ্রহী করে তোলার জন্য নিয়মিত আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কাউন্সিলের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি। আধুনিক বাংলাদেশের সঙ্গে তুলনীয় আধুনিক ও যোগ্য বার কাউন্সিলের প্রত্যাশা করছি।
জনৈক আইন শিক্ষানবিশ
নাম প্রকাশে অনিচ্ছুক