অ্যাম্বুলেন্স দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যকে চিকিৎসা করাতে এসে নিজেকে নিতে হলো চিকিৎসা, আবার কাউকে দিতে হলো প্রাণ। ঢাকা মেডিকেল কলেজের ফটকে এই অ্যাম্বুলেন্স দুর্ঘটনা সত্যি দুঃখজনক। আর এসব দুর্ঘটনার শিকার ব্যক্তিদের অধিকাংশই পথচারী। চালকের পরিবর্তে যখন চালকের সহকারী গাড়ি চালায়, তখন এরূপ হওয়া স্বাভাবিক। সচেতনতাও একটি বড় বিষয় এখানে। একজন সচেতন ব্যক্তি কখনো এমন ঝুঁকি নেবেন না।

শুধু তা–ই নয়, রাজধানী ঢাকার গণপরিবহনব্যবস্থাও ভালো বলা যাবে না। অবিশ্বাস্য হলেও সত্যি, গত পরশু বাসে কল্যাণপুর থেকে ধানমন্ডি আসার সময় হঠাৎ বাসটি থেমে গেলে সামনের সিটে বসে দেখলাম, বাসের ইঞ্জিনে নাট-বোল্টের পরিবর্তে ফিতা ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা ভীষণ ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় দুর্ঘটনা তো ঘটবেই। সুতরাং এ বিষয়ে পরিবহনমালিকদের সতর্কতা জরুরি। এর সঙ্গে সড়ক দুর্ঘটনার অন্য কারণগুলোর ওপরও দৃষ্টি দেওয়া উচিত, যাতে মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো যায়।

জাহিরুল ইসলাম

শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।