আইনজীবী থেকে বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের সর্বোচ্চ আদালতে অভিজ্ঞ আইনজীবীদের মধ্য থেকে বিচারক তথা বিচারপতি নিয়োগ প্রদান করা হলেও নিম্ন আদালতগুলোতে অভিজ্ঞ আইনজীবীদের বিচারক হিসেবে নিয়োগের বিধান এখনো চালু হয়নি। আগে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আর বর্তমানে বিজেএস পরীক্ষার মাধ্যমে আইনের নব ডিগ্রিধারীদের নিম্ন আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বিচারব্যবস্থায় দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের উপস্থিতি আবশ্যক। আইন পেশায় যঁারা আইনজীবী হিসেবে নিয়োজিত, তাঁরা যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ- এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ফলে অভিজ্ঞ আইনজীবীদের বিচার বিভাগে এবং নিম্ন আদালতে বিচারক হিসেবে নিয়োগ দিলে দেশের বিচারব্যবস্থার প্রভূত উন্নতি হবে বলে ধারণা করা যায়। আর অনেক বিজ্ঞ আইনজীবীও তাঁদের বর্ণাঢ্য পেশাজীবনের শেষে এসে যথাযথ সম্মান পাবেন।
একজন নতুন আইন ডিগ্রিধারীর চেয়ে আইন পেশায় নিয়োজিত অভিজ্ঞ একজন আইনজীবী নিঃসন্দেহে আরও বিচক্ষণতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করতে পারবেন। তাই দেশের সর্বোচ্চ আদালতের অনুসরণে নিম্ন আদালতেও অভিজ্ঞ আইনজীবীদের বিচারক হিসেবে নিয়োগ প্রদানের বিধান প্রণয়নে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাজুল ইসলাম খান
গেন্ডারিয়া, ঢাকা।