আইন এমন কিছু নিয়মকানুন, যা মানতে আমরা বাধ্য। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় আইন একটি বিশেষ স্থান দখল করে থাকলেও এ দেশের শিক্ষার্থীরা কেবল স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়েই আইন অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন। আইন আমাদের জীবনের সর্বস্তরে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিধায় এর শিক্ষা সম্প্রসারণ সময়ের দাবি।
প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়েও আইন শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হলে জাতি আইনের ব্যাপারে আরও সচেতন হওয়ার সুযোগ পাবে। আইন জানলে তা পালন করা আরও সহজতর হবে। ফলে দেশ আরও সুশৃঙ্খল হবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। একই সঙ্গে উচ্চতর আইন শিক্ষায় জাতি হিসেবে আমরা আরও অবদান রাখতে পারব।
আইন জনগণের কল্যাণের জন্যই সৃষ্ট। তা পালনে সচেষ্ট হলে সমাজ কলুষমুক্ত হবে—এটাই স্বাভাবিক। আইন বিষয়টি শিক্ষাজীবনের শুরু হতেই অন্তর্ভুক্ত করলে আইন-সচেতনতা আরও বৃদ্ধি পাবে। একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আইন শিক্ষা সম্প্রসারণের বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. তাজুল ইসলাম খান
গেন্ডারিয়া, ঢাকা।