ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ব্যবসায় প্রশাসন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ইনস্টিটিউট যথাযথ ভূমিকা রেখে চলেছে। এমবিএসহ বিভিন্ন ডিগ্রি প্রদান ও গবেষণার ক্ষেত্রে এই ইনস্টিটিউট অগ্রগণ্য। যদিও এমবিএ প্রোগ্রাম দিয়েই এর যাত্রা শুরু। সূচনালগ্ন থেকেই এমবি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ভর্তি পরীক্ষা যুগোপযোগী করা এবং তা কোচিংনির্ভরতা থেকে বেরিয়ে আসার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও আইবিএর এমবিএ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তা এখনো হয়নি। আইবিএর এমবিএ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কথা চিন্তা করলেই যেন কোচিংনির্ভরতার বিষয়টি মাথায় ঘুরপাক খেতে শুরু করে, যার অবসান হওয়া সময়ের দাবি।
কোচিংনির্ভরতা শুধু সাফল্যের বিপরীতে প্রতারণাই নয়, সঙ্গে সঙ্গে অবৈধ অর্থ-বাণিজ্যের ছড়াছড়িও বটে। দেশের মর্যাদাপূর্ণ একটি ডিগ্রির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কোচিংয়ের ওপর যেন নির্ভর করতে না হয়, মেধাবীদের যেন সহজেই পরিমাপ করা যায়, সে দিকে লক্ষ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এমবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আধুনিকীকরণ, সহজীকরণ ও যুগোপযোগী করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই।
মো. তাজুল ইসলাম খান, ঢাকা।