আইন এমন হতে হবে, যাতে তা অপব্যবহারের কোনো সুযোগ না থাকে এবং প্রকৃত অপরাধ নিরোধে তা যথাযোগ্য ভূমিকা রাখে। আইসিটি আইনে একসঙ্গে অনেক বিষয় জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু এর কোনোটিই সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। উদাহরণস্বরূপ, ৫৭ ধারায় উল্লেখিত মিথ্যা, অশ্লীল, মানহানিকর, উসকানিমূলক, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কিংবা ধর্মীয় অনুভূতি—এ শব্দগুলো কোন ধরনের কর্মকাণ্ডকে অন্তর্ভুক্ত করবে, সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় না।
আইসিটি আইনে বিধি প্রণয়ন না হওয়ায় এ ধারা দিয়ে হয়রানির যথেষ্ট সুযোগ রয়ে গেছে। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হলেও অনেক সময় আইসিটি আইনের ৫৭ ধারাকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। অস্পষ্টভাবে সংজ্ঞায়িত এ ধারা আমলযোগ্য ও অজামিনযোগ্য করে দেওয়ায় একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কার্যত দোষী হিসেবেই আটকে থাকতে হচ্ছে, যা নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করে। এই ধারা অনুযায়ী অপরাধীকে যে এক কোটি টাকা অর্থদণ্ড করা হয়, তাও অযৌক্তিক। এতে করে অনেক সময় অপরাধীকে লঘু পাপে গুরুদণ্ড ভোগ করতে হয়।
এই আইন যাতে নাগরিক অধিকার ক্ষুণ্ন না করে এবং রাজনৈতিক ও অন্যান্য উদ্দেশ্যে অপপ্রয়োগ না হয়, সে জন্য অবিলম্বে এই আইন সংশোধন করে, বিধি প্রণয়ন করা উচিত।
নুঝাত চৌধুরী
বিবিএ, শাবিপ্রবি।