ইন্টারনেট আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছে। সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগ ইন্টারনেট সহজলভ্য করতে বিটিসিএলের ডেটা ভলিউমের মূল্য কমানোয় এটি জনসাধারণের কাছে সহজলভ্য হয়েছে। কিন্তু দেশের অধিকাংশ মানুষই মোবাইল অপারেটরের ইন্টারনেট সার্ভিসের ওপর নির্ভরশীল। কারণ, বিটিসিএলের সেবাটি জেলা শহর ছাড়া সাধারণত আর কোথাও বিস্তৃত নয়। এমনকি অনেক পাবলিক ইউনিভার্সিটি, কলেজ ক্যাম্পাস, যেগুলো জেলা শহর থেকে দূরে, তারাও এই সেবা গ্রহণ করতে পারছে না।
দেশের শিক্ষার্থীদের বড় অংশ ইন্টারনেট-সেবা থেকে বঞ্চিত। ঢাকার বাইরের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা অধিকাংশই মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট-সেবার ওপর নির্ভরশীল। কিন্তু তাদের ইন্টারনেট প্যাকেজের মূল্য খুব বেশি। ফলে ইন্টারনেট ছাড়া আমরা যুগোপযোগী শিক্ষা ও উন্নত বিশ্বের নিত্যনতুন তথ্য থেকে অনেকটাই পিছিয়ে পড়ছি।
তাই আইসিটিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, যাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা সুলভ মূল্যে ইন্টারনেট-সেবার আওতায় আসতে পারি। আর প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থীদের এই সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল অপারেটরগুলো যদি নির্দিষ্ট একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ডেটা বর্তমান মূল্যের থেকে ৬০ শতাংশ কম মূল্যে দেয়, তাহলে অনেকাংশেই এ সমস্যার সমাধান হবে।
মো. তাহমীদুল ইসলাম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।