বাংলাদেশের তরুণ প্রজন্ম নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার মধ্যেও আউটসোর্সিংয়ে ব্যাপক সফলতা পেয়েছে। ইন্টারনেটের ধীর গতি ও উচ্চমূল্য, বিদ্যুতের সমস্যা, সামাজিক স্বীকৃতির অভাব প্রভৃতি কারণে তাদের প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হয়। অথচ ধারণা করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি খাত একসময় পোশাকশিল্পের খাতকেও ছাড়িয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশের দুই ফ্রিল্যান্সার এমরাজিনা ইসলাম ও শোয়েব মোহাম্মদ বিশ্বের দুই শতাধিক দেশে ব্যবসা পরিচালনাকারী আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান পেওনিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন।
আমরা প্রত্যাশা করি, এ দেশের ফ্রিল্যান্সাররা যাতে তাঁদের উপার্জিত অর্থ সহজেই উত্তোলন করতে পারেন, এ ব্যাপারে তাঁরা কার্যকর ব্যবস্থা নেবেন। কারণ, অনেক সময় ফ্রিল্যান্সাররা টাকা উত্তোলনের ক্ষেত্রে জটিলতা ও হয়রানির শিকার হন। বাংলাদেশের আউটসোর্সিং খাতকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
মো. আরিফুর রহমান, ঢাকা।