আগেভাগে সিদ্ধান্ত নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দু-এক মাস পর শুরু হতে যাচ্ছে ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ—ভর্তিযুদ্ধ। শৈশব থেকেই মানুষ তার জীবনের লক্ষ্য নিয়ে স্বপ্ন আঁকে। কিন্তু সেই স্বপ্ন যদি প্রশাসনের হুটহাট সিদ্ধান্তের কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে ওই যন্ত্রণা সংশ্লিষ্ট ছাত্র কিংবা ছাত্রী ছাড়া কেউ বোঝে না। ২০১২ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে যখন মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ শুনি, ভর্তি পরীক্ষা হবে না, ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
স্বাভাবিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া বন্ধ করে দিলাম। পরবর্তীকালে এক মাস পর আবার পরীক্ষা হবে—এমন ঘোষণা এল। ওই ঘটনা আমার শিক্ষাজীবনে অনেক বড় এক ধাক্কা ছিল। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন, এ রকম সিদ্ধান্ত যেন অন্তত দুই বছর আগে ঘোষণা করা হয়। এইচএসসি পরীক্ষার সময় কিংবা তারপর যেন দেওয়া না হয়। এবার যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না—এমন ঘোষণা দেওয়া হলো হুট করেই। কারও স্বপ্নের তরি যেন তীরে এসে না ডোবে, সে ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
তাজকিয়া রহমান চৌধুরী
শিক্ষার্থী, শাবিপ্রবি, সিলেট।