আচার্যের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্যবিরোধী আন্দোলনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারও মধ্যে মানবতাবোধ লক্ষ করা যাচ্ছে না। আন্দোলনকারীরা ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদন করা ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষাকে জিম্মি করেছেন। একাডেমিক পদগুলো থেকে পদত্যাগ করার কারণে পরীক্ষা কমিটি অচল হয়ে পড়েছে।
প্রায় দুই মাস প্রশাসনিক ভবনে তালা লাগানোর কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এখন একাডেমিক ভবনে তালা লাগিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধের পক্ষেÿ আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার কারণে ভর্তি হওয়া প্রায় ছয় হাজার শিক্ষার্থীরও বাড়ছে সেশনজট। অথচ সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা চান। জনশ্রুতি আছে, একটি মহল অভিশপ্ত জলিলীয় যুগের প্রতিষ্ঠাতা সাবেক উপাচার্য মু. আবদুল জলিল মিয়ার নিকটাত্মীয়কে উপাচার্য করার চেষ্টা করছে। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের উচিত মানবতার পরিচয় দিয়ে শিক্ষা কার্যক্রম সচল রেখে আন্দোলন করা। একদিন সবার ন্যায্য দাবি পূরণ হবে। কিন্তু শিক্ষার্থীদের একেকটি দিনও কি কেউ ফিরিয়ে দিতে পারবেন?
এ বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার পদগুলো শূন্য। উপাচার্য ক্যাম্পাসে কম থাকার থাকার কারণে ক্যাম্পাস অচল হয়ে পড়ে। ৪ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসেই শিক্ষকের বাসায় হামলা হয়েছে, কয়েকজন শিক্ষক এবং শািন্তকামী কয়েকজন শিক্ষার্থী দুর্বৃত্তের হাতে আহত হয়েছেন। উপাচার্যের উচিত ক্যাম্পাসে থেকে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর জন্য রাষ্ট্রপতি ও আচার্যের কাছে প্রয়োজনীয় নির্দেশনার জন্য অনুরোধ করছি।
তুহিন ওয়াদুদ, শিক্ষক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।