চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকার লক্ষাধিক লোক দীর্ঘদিন ধরে বর্ষা আসার আগেই আতঙ্কে দিন অতিবাহিত করছে। প্রতিবার বর্ষা এলে এখানকার বঙ্গোপসাগর এলাকায় পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক লোক। এ সময় শত শত বসতগৃহ, শতাধিক চিংড়িঘের, আড়াই শ পুকুর, অসংখ্য নালা, ডোবা ও উপকূলীয় ছোট ছোট রাস্তাঘাট তলিয়ে যায়।
দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় টেকসই ও স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাসে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের মানুষ। বেড়িবাঁধের বিধ্বস্ত অংশের ভাঙন রোধে ২৪ বছরেও স্থায়ী কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভরা বর্ষাকালে অমাবস্যা-পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে এখানকার খানখানাবাদ, ছনুয়া, গন্ডামারা, সাধনপুর, পুকুরিয়া ইউনিয়নসহ সমগ্র বাঁশখালী উপকূলীয় ইউনিয়নের তিন লাখের অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
১৯৭০ ও ১৯৯১–এর মহাপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁশখালীর উপকূলীয় সাতটি ইউনিয়নই সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল ও সাইক্লোন সেন্টার বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়া ছাড়াও বহু মানুষের মৃত্যু ঘটেছিল।
আমরা এভাবে প্রকৃতির হাতে বন্দী হতে চাই না। এখন তো আদিম কাল নয় যে প্রকৃতির খেয়ালের পুতুল হয়ে রইব। যথাযথ ব্যবস্থা নিয়ে এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে। আমরাও এ দেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।
এস এম ফরিদুল আলম
বাঁশখালী, চট্টগ্রাম।