আতঙ্কের নাম 'পদদলন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাস, আর আতঙ্কের সঙ্গে সহাবস্থান—এ দুই যেন সমার্থক। রাস্তায় গাড়িচাপা বা মাথায় ফ্লাইওভার ভাঙার আতঙ্ক, বাসে আগুন-পেট্রলবোমা- সাইকেলবোমা আতঙ্ক, ট্রেনে নাশকতার আতঙ্ক, লঞ্চে অতিরিক্ত যাত্রীর ভারে সলিলসমাধি হওয়ার আতঙ্ক, বাসায় ভবনধস আতঙ্ক, পুলিশে গ্রেপ্তার-হয়রানি-জিজ্ঞাসাবাদ আতঙ্ক, র্যা বে গুম-ক্রসফায়ার আতঙ্ক, বিজিবিতে তল্লাশি আতঙ্ক—হরদম কত বহুরূপী আতঙ্কে আমাদের বাস।
তাতে সর্বশেষ সংযোজন ‘পদদলন-আতঙ্ক’। গত ২৭ মার্চ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নানে গিয়ে পদপিষ্ট হয়ে ১০ পুণ্যার্থী নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনাই এই নতুন আতঙ্কের কারণ। একই দিন ময়মনসিংহের ব্রহ্মপুত্রে নদে পুণ্যস্নানে নেমে ডুবে মারা যায় অষ্টম শ্রেণির ছাত্র অন্তরচন্দ্র দাস। একই পুণ্যস্নানে গত বছর কর্ণফুলী নদীতে মারা যায় চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের রাজীব ঘোষ নামে এক যুবক।
আগে উৎসব-পার্বণে পদদলনে বিচ্ছিন্নভাবে দু–একজনের মৃত্যু হয়তো হয়েছে। কিন্তু একসঙ্গে এতগুলো মৃত্যু এই প্রথম। এ ঘটনার রেশ সুদূরপ্রসারী। আগামী দিনে জাতিগত বা ধর্মীয় উৎসব-পার্বণ বা বড় কোনো জনসমাগম হলেই জনমনে নিরাপত্তার সহজাত আতঙ্কের পাশাপাশি এই সদ্যোজাত ‘পদদলন আতঙ্ক’ প্রভাব ফেলবে—বাসা থেকে একবার বের হতে দশবার ভাববে।
তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। তা না হলে এসব থামবে না।
এমন বড় জনসমাগমে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।
বিহঙ্গ চৌধুরী
আইনজীবী, ঢাকা জজ আদালত।